সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা ইন্তিকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি পেশায় ছিলেন একজন শিক্ষক। ১৯৪৪ সালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তিনি দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী ছাত্র-ছাত্রী রেখে গেছেন। বাদ আছর মরহুমার নামাজে জানাযা ময়মনসিংহের ময়মনসিংহ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে গুলকিবাড়ি কবরস্থানে তার স্বামী মরহুম জাফর আলী সরকারের কবরের পাশে দাফন করা হয়েছে। মরহুমার সন্তানেরা তাদের মমতাময়ী মায়ের আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

প্রধানমন্ত্রীর শোক

ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, বেগম জেবুন্নেছা’র মৃত্যুতে তার পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান বেগম জেবুন্নেছা নিজ মেধা ও যোগ্যতা দিয়ে তার অসংখ্য ছাত্র-ছাত্রীদের সুশিক্ষিত করেছেন, যারা এখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য অবদান রাখছেন। এছাড়া একজন আদর্শ মাতা হিসেবে নিজ সন্তানদের সুশিক্ষায় গড়ে তুলেছেন। মরহুমা বেগম জেবুন্নেছা একজন মহিয়সী নারী হিসেবে সংশ্লিষ্ট সবার নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাক্সক্ষীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

বিরোধীদলীয় নেতার শোক

ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় সংসদ নেতা ও জামায়াত আমীর ডা. শফিকুর রহমান। গতকাল বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া শোকবার্তায় ডা. শফিকুর রহমান বলেন, একজন শিক্ষক হিসেবে তিনি সমাজে ও রাষ্ট্রে শিক্ষাক্ষেত্রে যে অবদান রেখে গেছেন, তা শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা মরহুমাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। শোকসন্তপ্ত পরিবারের উদ্দেশে তিনি বলেন, মরহুমার শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের আল্লাহ তায়ালা উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।