সারা দেশে সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতে নাগরিকদের হতাহতের ঘটনায় গভীর দুঃখ, শোক ও সমবেদনা প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ (৪ জুন, বৃহস্পতিবার) এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, আজ ৪ জুন সড়ক দুর্ঘটনায় ফেনীতে তিন জন, মেহেরপুরে তিনজন, ঝিনাইদহে একজন ও কুষ্টিয়ায় একজনের মর্মান্তিক মৃত্যু এবং বজ্রপাতে গাইবান্ধায় মা ও ছেলের, ময়মনসিংহের মুক্তাগাছা ও গফরগাঁওয়ে কলেজ শিক্ষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়াও গত ৩ জুন চাঁপাইনবাবগঞ্জে দুজনের এবং জয়পুরহাটে দুজনের বজ্রপাতে মৃত্যু হয়েছে। এসব অনাকাঙ্ক্ষিত মৃত্যু পরিবারগুলোর জন্য খুবই বেদনাদায়ক। আমি এসব মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ, শোক প্রকাশ করছি, নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছি।
এডভোকেট জুবায়ের বলেন, সড়কে চরম অব্যবস্থাপনার কারণে ভয়াবহ সব দুর্ঘটনায় নিয়মিত নাগরিকদের মূল্যবান প্রাণহানি হচ্ছে। মৃত্যু মিছিল থামছে না। গণমাধ্যমের খবর অনুযায়ী গত ঈদুল আজহায় ছুটিতে ১৩ দিনে সড়ক দুঘর্টনায় ২৮১ জন নিহত হয়েছেন। এতে সরকারের সড়ক ব্যবস্থাপনায় চরম ব্যর্থতা ফুটে উঠেছে। এসব মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না।
তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনার প্রতিটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের শনাক্তপূর্বক প্রয়োজনীয় ও কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে দুর্ঘটনার জন্য দুর্বলতাগুলো চিহ্নিত করে তা সমাধানে সরকারকে তড়িৎ পদক্ষেপ নিতে হবে। এছাড়া মহাসড়ক ও আঞ্চলিক সড়কের ট্রাফিক ব্যবস্থাকে আরও আধুনিকায়ন ও আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর ও কার্যকর করতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। একই সাথে দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী নাগরিকদের পুনর্বাসনের দাবি জানাচ্ছি।