মহান স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার, বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা সংসদ গাজীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে তাঁর অবদান, রাষ্ট্র পরিচালনায় দূরদর্শী নেতৃত্ব এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরা হয়। একইসঙ্গে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজির।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ গাজীপুর জেলা শাখর আহবায়ক এডভোকেট রফিকুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ গাজীপুর জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এস কে জবিউল্লাহ (জবু), বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা জিন্নাত আলী, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনসহ অন্যান্য মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, স্বাধীনতার মহান ঘোষণার মাধ্যমে জাতিকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন, কৃষি ও শিল্প উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ উন্নয়ন, স্বনির্ভর অর্থনীতি গঠন এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর দেশপ্রেম, কর্মনিষ্ঠা ও রাষ্ট্রচিন্তা আজও জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে আছে।
তারা আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অভিযাত্রায় শহীদ জিয়াউর রহমানের অবদান ইতিহাসের অংশ হয়ে থাকবে। নতুন প্রজন্মকে তাঁর আদর্শ, নেতৃত্বগুণ ও দেশপ্রেম থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।