মুন্সিগঞ্জের গজারিয়ায় সরকারের অজান্তেই সরকারি জমি দখল করে রাস্তা তৈরীর অভিযোগ পাওয়া গেছে শিল্প প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে।
উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া (বড়কান্দি) এলাকায় একটি শিল্প প্রতিষ্ঠানের বালু ভরাট করে নির্মিত দীর্ঘ সড়ক পরিদর্শন করেছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।পরিদর্শন শেষে তিনি বলেন, সরকার জানে না এত বড় সড়ক কীভাবে হলো। তিনি জানান, স্থানীয় জনগণের স্বার্থ ও সরকারি খাস জমি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৫টার দিকে তিনি এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাহারা গ্রুপ এলাকায় কয়েক কিলোমিটার জুড়ে বালু ভরাট করে সড়ক নির্মাণ করেছে। এ সময় স্থানীয় বাসিন্দাদের প্রায় ২৫ থেকে ৩০ বিঘা জমি দখলের অভিযোগ ওঠে। পাশাপাশি সরকারি খাস জমি, হালট ও একটি প্রবাহমান খালের অংশ ভরাটেরও অভিযোগ রয়েছে। এতে বর্ষা মৌসুমে নৌ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়।
এর আগে গত ১১ মে সংসদ সদস্যের পরিদর্শনের পর কোম্পানিটি খালের ওপর ফেলা বালু অপসারণ করে খালটি আংশিকভাবে দখলমুক্ত করে বলে স্থানীয়রা জানান।
উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মোস্তফা বলেন, সরকারের অনুমতি ছাড়া এভাবে সড়ক নির্মাণ করা যায় না। স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তে ব্যক্তি মালিকানাধীন জমির পাশাপাশি সরকারি খাস জমি ও হালট দখলের বিষয়টি উঠে এসেছে। এ বিষয়ে একটি তদন্ত প্রতিবেদন আমাদের হাতে রয়েছে। প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিদর্শনকালে সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, মানুষের স্বার্থ রক্ষা এবং সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে যা যা প্রয়োজন, আমরা তা করব। আমি চাই স্থানীয় জনগণ ন্যায়বিচার পাক। এত বড় সড়ক কীভাবে নির্মাণ করা হলো, তা খতিয়ে দেখে সরকার দ্রুত ব্যবস্থা নেবে বলে আশা করি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির নেতা আসলামুজ্জোহা চৌধুরী তপন, জেলা জাসাসের সভাপতি হাসান জাহাঙ্গীর, বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এবাদুল্লাহ হক, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান, বাউশিয়া ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল মান্নান মিয়াজী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাদী ইসলাম বাবু, নজরুল মেম্বার, রেজাউল করিম তারেক এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মিজানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।