রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল। অসুস্থতার কারণ দেখিয়ে তার জামিন চেয়ে গতকাল শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী হায়দার।

গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হয়। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনালকে আইনজীবী আলী হায়দার বলেন, আমার মক্কেল আবদুল জলিল ম-ল দীর্ঘদিন ধরে অসুস্থ। তার বয়স ৬০ বছর। শাপলা চত্বরের ঘটনার সময় তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ছিলেন। তবে এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এছাড়া তার হার্টে সাতটি ব্লক ধরা পড়েছে। আমরা তার উন্নত চিকিৎসার জন্য জামিন প্রার্থনা করছি।

এ সময় ট্রাইব্যুনাল বলেন, স্বাস্থ্য প্রতিবেদন অনুযায়ী তার অবস্থা সংকটাপন্ন নয়। একইসঙ্গে একজন বিচারপতির উদাহরণ দেওয়া হয়। যার হার্টে ১৭-১৮টি ব্লক থাকলেও নিয়মিত বিচারকার্য পরিচালনা করছেন।

এ পর্যায়ে জলিলের আইনজীবী বলেন, আমার মক্কেল একটু বাঁচতে চান। তিনি দেশেই ছিলেন। নিজ বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন সাবেক এই পুলিশ কর্মকর্তা। এখনও চাইলে তার পাসপোর্ট জব্দ করতে পারেন ট্রাইব্যুনাল। এরপরও তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়া হোক। এছাড়া ট্রাইব্যুনাল চাইলে এ মামলায় সর্বোচ্চ সহায়তা করবেন আবদুল জলিল ম-ল। প্রয়োজনে রাজসাক্ষী হতে চান তিনি।

শুনানি শেষে জামিন আবেদনটি বিবেচনায় নেননি ট্রাইব্যুনাল।

পরে এ বিষয়ে আইনজীবী আলী হায়দার সাংবাদিকদের বলেন, শাপলা চত্বরের এ মামলাটি এখনও তদন্তাধীন রয়েছে। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আবদুল জলিলকেও আসামি করা হয়েছে। কিন্তু তিনি কখনও দেশ ছেড়ে পালিয়ে যাননি। ২০২০ সাল থেকে তিনি হার্টের রোগে ভুগছেন। নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। এ গ্রাউন্ডে আজ তার জামিন চাওয়া হয়।

তিনি বলেন, আবদুল জলিলের স্বাস্থ্য প্রতিবেদন চাইলে ট্রাইব্যুনালে জমা দেয় কারা কর্তৃপক্ষ। তারা হার্টের সমস্যা নিয়েও একটি প্রতিবেদন দিয়েছে। তবে সেখানে চিকিৎসা চললেও পরিপূর্ণ হচ্ছে না বলে আমরা মনে করছি। এজন্য ন্যায়বিচারের জন্য যদি ট্রাইব্যুনাল অনুমতি দেন, তাহলে বিচারকাজে সহযোগিতা করতেও রাজি আছেন আমার মক্কেল। আর সহযোগিতা করতে গেলে অবশ্যই রাজসাক্ষী হতে হবে। সবমিলিয়ে আমাদের কথা ট্রাইব্যুনাল শুনে জামিনের আবেদনটি বিবেচনায় নেননি।

এর আগে, ৩১ মার্চ এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক এই পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ। গত ৩০ মার্চ সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের আন্দোলনের সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আবদুল জলিল। এছাড়া র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবেও দায়িত্বে ছিলেন তিনি।

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর পক্ষে যুক্তিতর্ক শেষ : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে যুক্তিতর্ক শেষ হয়েছে।

গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ যুক্তিতর্ক শেষ হয়। প্যানেলের অপর সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিন ইনুর পক্ষে যুক্তিতর্ক শেষ করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। মোট ৯ দিন নিজেদের যুক্তি উপস্থাপন করে আসামিপক্ষ। শুনানিতে মক্কেলের পক্ষে বিভিন্ন আইনি দিক তুলে ধরা হয়। একইসঙ্গে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ইনু সংসদ সদস্য ছিলেন না বলেও দাবি করা হয়।

মুনসুরুল হক বলেন, কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় ইনুর কোনো সম্পৃক্ততা নেই। মামলার সাক্ষীরাও স্বীকার করেছেন, হত্যাকা-ের সময় তিনি কুষ্টিয়ায় উপস্থিত ছিলেন না।

গত ২ এপ্রিল আসামিপক্ষের যুক্তিতর্ক শুরু হয়। পরে প্রসিকিউশনের পক্ষে গতকাল যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। শেষ না হওয়ায় ট্রাইব্যুনাল শুনানি আজ পর্যন্ত মুলতবি করেন।

প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, মঈনুল করিম, আবদুস সোবহান তরফদারসহ অন্যরা।

সাক্ষীর অসুস্থতায় পেছাল জিয়াউলের মামলার সাক্ষ্যগ্রহণ : আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত গুম-খুনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দিন পিছিয়েছে। সাক্ষীর অসুস্থতার কারণে প্রসিকিউশনের আবেদনে তা মুলতবি করেন ট্রাইব্যুনাল।

গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ আবেদন করে প্রসিকিউশন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনালে প্রসিকিউটর শাইখ মাহদী জানান, এ মামলার পঞ্চম সাক্ষীর জবানবন্দি হওয়ার কথা ছিল গতকাল। তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। এ অবস্থায় সাক্ষ্যগ্রহণ মুলতবি করে নতুন তারিখ নির্ধারণের আবেদন করা হয়।

এর আগে, ২৩ এপ্রিল চতুর্থ সাক্ষী হাবিবুর রহমান মল্লিকের জেরা সম্পন্ন হয়। ২২ এপ্রিল তার জবানবন্দি রেকর্ড করা হয়।

এদিকে, সকালে কারাগার থেকে জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাক্ষ্যগ্রহণ না হওয়ায় পরে তাকে আবার কারাগারে নেওয়া হয়।

জাহাজবাড়িতে ‘জঙ্গী নাটক’ মামলায় ৭ জুন অভিযোগ গঠনের শুনানি : রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে ‘জঙ্গী নাটক’ সাজিয়ে ৯ তরুণকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮ আসামীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি ৭ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দিন ধার্য করেন। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অপর সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনালে গতকাল প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর শাইখ মাহদী। তিনি এ মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য আরও এক মাস সময়ের আবেদন করেন। পরে আগামী ৭ জুন দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

এর আগে, ৬ এপ্রিল এ শুনানি হওয়ার কথা ছিল। তবে আবেদনের পরিপ্রেক্ষিতে তা পিছিয়ে দেন আদালত। গত ৮ মার্চ এ মামলায় পলাতক ছয় আসামীর পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের আবেদন করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

এ মামলায় বর্তমানে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন দুজন। তারা হলেন- সাবেক আইজিপি একেএম শহিদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া।

শেখ হাসিনাসহ পলাতক অন্যরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, তৎকালীন সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায় ও তৎকালীন যুগ্ম কমিশনার (ডিবি) আব্দুল বাতেন। তাদের হাজির হতে গত ২২ ফেব্রুয়ারি দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত।

চলতি বছরের ২৯ জানুয়ারি প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি নামে পরিচিত একটি বাড়িতে কথিত জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। ‘অপারেশন স্ট্রম-২৬।’ নামের ওই অভিযানে ৯ তরুণকে গুলি করে হত্যা করা হয়।

এদিকে, রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় রাজসাক্ষী হতে চেয়েছেন সাবেক ডিআইজি আবদুল জলিল ম-ল। তার জামিন চেয়ে আজ শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী হায়দার।

আবদুল জলিল ম-লের জামিন আবেদন নামঞ্জুর করেন ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি ১৪ মে দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।