বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) দুই নতুন প্রো-ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) বিজ্ঞান, গণিত ও প্রযুক্তি শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। শুক্রবার (১২ জুন) পূর্বাহ্নে তাঁরা নিজ নিজ দায়িত্বে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২-এর ১৪(১) ধারা অনুযায়ী আগামী চার বছরের জন্য তাঁদের এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ১১ জুন জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ নিয়োগ প্রদান করা হয়।
অধ্যাপক ড. আনিসুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে বি.কম (সম্মান) ও এম.কম পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তিনি ১৯৯৮ সালে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন। কর্মজীবনে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান, ইএমবিএ প্রোগ্রামের পরিচালক এবং সার্জেন্ট জহুরুল হক হলের হাউস টিউটরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। শিক্ষা ও গবেষণার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার এবং সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তাঁর একাধিক গবেষণা গ্রন্থ ও অসংখ্য গবেষণা প্রবন্ধ দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে। পাশাপাশি তিনি বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান, এনজিও ও গবেষণা সংস্থার পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর জাপানের হোক্কাইদো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। তিনি তাইওয়ানের ন্যাশনাল চিয়াও তুং বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া থাইল্যান্ডের সুখোথাই থাম্মাথিরাত ওপেন ইউনিভার্সিটি এবং ভারতের ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (ইগনু) থেকে উন্মুক্ত ও দূরশিক্ষণ বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০০৬ সাল থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন। এর আগে ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তক প্রণয়ন, দূরশিক্ষণ কার্যক্রমের স্ক্রিপ্ট প্রস্তুত এবং পরীক্ষা ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ইউনিসেফ বাংলাদেশ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন প্রকল্পে তিনি বিশেষজ্ঞ ও পরামর্শক হিসেবে কাজ করেছেন। দেশি-বিদেশি জার্নালে তাঁর অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সর্বশেষ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মহসিন হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
দুই নবনিযুক্ত প্রো-ভিসির যোগদানের মধ্য দিয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।