স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন তেলিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ সময় তাদের হেফাজত থেকে একটি ছুরি ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৪ জুন) রাত ১১টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানার এএসআই (নিরস্ত্র) সজিব হাসানের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল তেলিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই (নিরস্ত্র) মো. নুরু মিয়া এবং সঙ্গীয় ফোর্স অংশ নেন।

অভিযানকালে তেলিপাড়া এলাকায় কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি অবস্থান করছে-এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেলেও পালানোর সুযোগ না পেয়ে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে একটি ধারালো ছুরি ও একটি চাপাতি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার কমলাপুর (কাচারী বাজার) এলাকার আলম হোসেনের ছেলে আসিফ (১৯), বর্তমানে ভোগড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন এবং রংপুর জেলার পীরগঞ্জ থানার দূর্গাপুর (কাদিরবাগ) এলাকার মো. আবু তাহেরের ছেলে মো. হোসাইন (১৯), বর্তমানে চান্না বুড়ির মোড় এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃত আসিফের বিরুদ্ধে পূর্বে একটি ডাকাতির প্রস্তুতি মামলা এবং হোসাইনের বিরুদ্ধে দুটি ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে। তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

বাসন থানা পুলিশ জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রেখেছে।