হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জের হোসেনপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধানের খড় নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে মো. আশু মিয়া (৫০) নামে এক বৃদ্ধ নির্মমভাবে খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (৪ মে) বিকেলে উপজেলার শাহেদল ইউনিয়নের দরিয়াবাদ গ্রামে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ বাবা-ছেলেসহ ৩ জনকে আটক করেছে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটের দিকে দরিয়াবাদ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আশু মিয়া নিজ বাড়ির পাশের রাস্তায় ধানখেতের খড় শুকাতে দেন। এসময় পাশের বাড়ির চাচাতো ভাই সুরুজ মিঞার সাথে খড় রাখা নিয়ে তার কথা কাটাকাটি ও ঝগড়া শুরু হয়।