আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা: লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে অপহরণ ও নির্মম নির্যাতনের শিকার হয়েছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার যুবক আসাদুল বক্তিয়ার। অপহরণের পর পরিবারের কাছে নির্যাতনের ভিডিও পাঠিয়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে চক্রটি। ইতোমধ্যে পরিবার ৪ লাখ টাকা পাঠালেও বাকি টাকা না দিলে তাকে হত্যা করে মরুভূমিতে লাশ ফেলে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
আসাদুল বক্তিয়ার আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাত্রিশিরা গ্রামের মো. আবু বক্তিয়ারের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, সংসারে স্বচ্ছলতা ফেরাতে ২০২২ সালের ১১ অক্টোবর আত্মীয় এরফান সরদারের মাধ্যমে ভিজিট ভিসায় লিবিয়ায় যান তিনি। সেখানে আনজারা শহরে টেইলারিংয়ের কাজ করে প্রতি মাসে পরিবারে টাকা পাঠাতেন। গত রমজানের ৯ তারিখ সেহরি খাওয়ার পর ভোরে বাসা থেকে ৬ সদস্যের একটি মাফিয়া দল তাকে তুলে নিয়ে যায়। পরে তাদের আস্তানায় নিয়ে হাত-পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে শরীরে আঘাত করার ভিডিও পরিবারের কাছে পাঠানো হয়। ভিডিওতে মুক্তিপণ দিয়ে তাকে বাঁচানোর আকুতি জানাতে দেখা যায় আসাদুলকে।
পরিবার জানায়, সুদে টাকা এনে ডাচ্-বাংলা ব্যাংক ও ইসলামী ব্যাংকের মাধ্যমে মোট ৪ লাখ টাকা পাঠানো হয়েছে। এরপরও মাফিয়ারা বাকি টাকা দাবি করে আসাদুলকে হত্যার হুমকি দিচ্ছে। আসাদুলের বাবা আবু বক্তিয়ার বলেন, “আমার ছেলেকে অমানুষিক নির্যাতন করা হচ্ছে। সম্পদ থাকলে বিক্রি করে হলেও টাকা দিতাম। সরকারের কাছে আমার একটাই দাবি, আমার ছেলেকে উদ্ধার করা হোক।” মা বকুল বেগম বলেন, “ছেলেকে ঝুলিয়ে মারধরের ভিডিও দেখে আমরা অসহায় হয়ে পড়েছি। দুই মাস ধরে আমাদের ঘুম-খাওয়া নেই।” স্ত্রী নিপা বেগম জানান, “স্বামীকে বাঁচানোর জন্য আমরা যা পেরেছি করেছি। এখন সরকারের সহযোগিতা ছাড়া আর কোনো উপায় নেই।”
এ ঘটনায় লিবিয়ায় থাকা আসাদুলের শ্যালক এরফান সরদার স্থানীয় থানায় অভিযোগ করলে তাকেও হত্যার হুমকি দেওয়া হয়। পরে তিনি দেশে ফিরে গত ৩০ মার্চ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পরিবার লিখিত আবেদন দিলে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।