কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কুষ্টিয়া শহরের বাস টার্মিনাল থেকে এ র্যালিটি চৌড়হাস মোড় হয়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক দিয়ে মজমপুরগেট দিয়ে কুষ্টিয়া পৌরসভা চত্বরে এক সমাবেশে মিলিত হয়। মিছিল ও সমাবেশে কুষ্টিয়া জেলার ৬ উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া জেলা সভাপতি এস এম মহসিন আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কুষ্টিয়া জেলা শাখার তরবিয়াতী বিভাগের সেক্রেটারি অধ্যাপক ড. নুরুল আমিন জসীম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া জেলা সেক্রেটারি খায়রুল ইসলাম প্রমুখ।
ত্রাণ বিতরণ
রৌমারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রৌমারীতে ৫০০ পরিবার পেল ত্রাণ সহায়তা। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে রৌমারী উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার ৬টি ইউনিয়নের ৫শটি পরিবারের মাঝে চাল, ডাল, আটা, চিনি, তেল, লবণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব আলাউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সহায়তা বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতা, সাংবাদিক প্রমুখ।
মেডিকেল ক্যাম্প
কোটচাঁদপুর (ঝিনাইদহ) : ঝিনাইদহের কোটচাঁদপুরে সাধারণ মানুষের জন্য ব্যতিক্রমধর্মী এক স্বাস্থ্যসেবা উদ্যোগ নেয়া হয়েছে, যেখানে চিকিৎসা সেবার পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতেও সমান গুরুত্ব দেয়া হয়েছে। গত ২৯ এপ্রিল সকাল থেকে কুশনা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত ‘ফ্রি মেডিকেল ও ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন’ দিনব্যাপী স্থানীয়দের ব্যাপক সাড়া পায়।
স্বেচ্ছাসেবী সংগঠন কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে এবং নিউ লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচি ছিল সুসংগঠিত ও সেবামুখী। আয়োজকদের মূল লক্ষ্য ছিল প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া।
স্মরণ সভা
ঈদগাঁও (কক্সবাজার) : কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের গোমাতলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ভয়াল ২৯ এপ্রিল ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ এপ্রিল দুপুরে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “আমরা গোমাতলীবাসী” এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সলিম উল্লাহ বাহাদুর বলেন, কক্সবাজারে সব দলের নেতৃত্ব থাকলেও উন্নয়নের দিক থেকে ঈদগাঁও এখনো পিছিয়ে রয়েছে। তিনি সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে একসঙ্গে বসে ঈদগাঁও উপজেলার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ব্যবসায়ী ফেরদাউস আলম ফিরোজ। সমন্বয়ক সাংবাদিক সেলিম উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাস্টার আহমদ কবির।
নতুন কুঁড়ি স্পোর্টস
গাজীপুর : শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশে জাতীয় উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর শুভ সূচনা হয়েছে গাজীপুরে। দেশের বিভিন্ন প্রান্তের মতো গাজীপুরেও এই কর্মসূচির উদ্বোধন করা হয় ভার্চুয়াল সংযোগের মাধ্যমে, যেখানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে সিলেট জেলা স্টেডিয়াম-এ কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে সামঞ্জস্য রেখে শহীদ বরকত স্টেডিয়ামে আয়োজন করা হয় জেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান ও সরাসরি ভার্চুয়াল সম্প্রচার।