গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা : নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসনের সরকারি কোয়ার্টারে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মে) গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা (সিএ) সিরাজুল ইসলামের বাসভবনে এই ডাকাতি সংঘটিত হয়।
ভুক্তভোগী সিরাজুল ইসলাম জানান, গভীর রাতে তারা ঘুমিয়ে ছিলেন। ডাকাত দলের সদস্যরা বাসার পেছনের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ঘরে ঢুকেই তারা সিরাজুল ইসলামের হাত-পা বেঁধে ফেলে এবং তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর ডাকাতরা আলমারি ও ওয়ারড্রব ভেঙে নগদ প্রায় ২০ হাজার টাকা, এক ভরি স্বর্ণালঙ্কার এবং দুটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন ফোন নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “উপজেলা পরিষদের ভেতরে ঢুকে এ ধরনের ডাকাতির ঘটনায় সরকারি কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ ও ডিবি সদস্যরা অভিযুক্তদের গ্রেপ্তারে জোর তৎপরতা চালাচ্ছে।”
কোয়ার্টারে বসবাসকারী অন্যান্য কর্মকর্তারা এই ঘটনাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হিসেবে উল্লেখ করে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, লুণ্ঠিত হওয়া দুটি অ্যান্ড্রয়েড ফোন পাশের একটি স্কুল থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।