কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা : কলারোয়ায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপির সাথে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) বেলা ১১টায় কলারোয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প, সেবার মানোন্নয়ন এবং জনদুর্ভোগ লাঘবে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রতিটি দপ্তরকে আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে। সমন্বয়হীনতা দূর করে একসঙ্গে কাজ করলে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে। তিনি কর্মকর্তাদের মাঠমুখী হয়ে কাজ করার আহ্বান জানান এবং সাধারণ মানুষের সমস্যাকে অগ্রাধিকার দেয়ার ওপর জোর দেন। সভায় উপজেলায় কর্মরত সকল দপ্তরের কর্মকর্তারা সমস্যা গুলো তুলে ধরে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন। এমপি সকল সমস্যার দ্রুত সমাধানের প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ ওসমান গনী, শূরা সদস্য মাওলানা মোঃ ওমর আলী, কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কামারুজ্জামান, সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহজাহান কবীর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মোঃ রুহুল কুদ্দুস, শূরা ও কর্মপরিষদ সদস্য প্রভাষক আসাদুজ্জামান ফারুকী, জাহিদ হাসান মিঠু ও পৌর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।