মোংলা সংবাদদাতা : মোংলায় পরিচালিত একটি বিশেষ মাদকবিরোধী অভিযানে গাঁজা এবং মাদক বিক্রির অর্থসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ট্রেডার্স মসজিদ রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন স্থানীয় বাসিন্দা মো. সামছু মোড়ল (৬৩) এবং তার স্ত্রী ফরিদা বেগম ওরফে ফরি (৫২)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানা পুলিশের একটি দল নির্দিষ্ট স্থানে অভিযান চালায়। অভিযানে এসআই মিরাজ হোসেন, এসআই নুরুল আমীন, এসআই আরিফ হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
অভিযানের সময় দম্পতির বাড়িতে তল্লাশি চালিয়ে খাটের নিচে লুকিয়ে রাখা প্রায় ১৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ১৪ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে জব্দ তালিকা প্রস্তুত করে এসব আলামত জব্দ করা হয়।
মোংলা থানার ওসি আতিকুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলার আনুষ্ঠানিকতা শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তিনি আরও বলেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার হুমায়পুর ইউনিয়নের চৈতনপুর গ্রাম থেকে পুলিশের অভিযান এবং গ্রামবাসীর সহযোগিতায় ১১৭০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম মোঃজালাল মিয়া (৪২)। সে হুমাইপুর ইউনিয়নের চৈতনপুর গ্রামের চান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে সম্প্রতি বাজিতপুর থানার চৌকস অফিসার এসআই (নিরস্ত্র) মাশরিকুর রহমান মানিকের নেতৃত্বে সংঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় কিশোরগঞ্জ বাজিতপুর থানাধীন হুমাইপুর ইউনিয়নের চৈতনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বাজিতপুর থানা সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মাদ মিজানুর রহমানের নির্দেশনায় এবং বাজিতপুর থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ’র তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় উল্লেখিত অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে ১১৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জালাল মিয়াকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আইনী প্রক্রিয়া শেষে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গড়তে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
মতলব( চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সম্প্রতি মতলব উত্তর থানা পুলিশের একটি দল উপজেলার হাজীপুর এলাকায় আতাউর মোল্লার ব্রিজের ওপর থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. আব্দুল কাদির মোল্লা (৩০)। তিনি উপজেলার উত্তর হাজীপুর এলাকার মৃত আক্তার মোল্লা ওরফে আতাউর রহমানের ছেলে।
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় দায়িত্ব পালনকালে গৌরীপুর বাজারের সামিয়া প্লাজা সংলগ্ন যমুনা ব্যাংকের সামনে সরকারি সড়ক থেকে তাদের আটক করা হয়।
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৫ কেজি গাঁজা ও ৫২ পিস ইয়াবাসহ মোট ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।পুলিশ জানায়, সোমবার (০৪ মে ২০২৬) সকালে দাউদকান্দি পৌরসভার মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজার প্রায় ৩০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় একটি পিকআপ গাড়ি থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে গাড়িসহ দুইজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং পিকআপটি জব্দ করা হয়।
সাঁথিয়া (পাবনা) সংবাদদাতাঃ পাবনা সাঁথিয়ায় মাদকবিরধী অভিযানে ভ্রাম্যমান আদালতে ১ মাদক ব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড প্রদান ও অর্থদন্ড করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না সাঁথিয়া থানা এলাকায় ভ্রামমাণ আদালত পরিচালনা করে মাদক বিক্রয় করার অপরাধে নওয়ানী গ্রামের ইউনুস মেম্বারের ছেলে মো: সোহেলকে মাদক বিক্রির অপরাধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা মোতাবেক ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান রিজু তামান্না।