হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কলেজ ছাত্র ইমন হত্যার ৪৯ দিন অতিবাহিত হলেও মামলার উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় এবং মূল আসামিরা ধরাছোঁয়া’র বাইরে থাকায় ক্ষোভে ফেটে পড়েছে হোসেনপুরের এলাকাবাসী। আজ সোমবার সকালে নিহতের পরিবারের সদস্য ও কয়েকশ স্থানীয় বাসিন্দা হোসেনপুর হাসপাতাল চৌরাস্তা মোড় এলাকায় রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে হোসেনপুর-গফরগাঁও- কিশোরগঞ্জ - ঢাকাগামী রুটে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য যে, গত ৪৯ দিন আগে ইমন নামের এক কলেজ ছাত্রকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করে হোসেনপুর-গফরগাঁও ব্রিজের নিচে ব্রহ্মপুত্র নদে ফেলে রাখা হয়। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর পুলিশ মাত্র একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও বাকি আসামিরা এখনো অধরা। নিহতের স্বজনদের অভিযোগ, দীর্ঘ সময় পার হলেও পুলিশ মামলার তদন্তে কোনো দৃশ্যমান সাফল্য দেখাতে পারেনি।

খবর পেয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করে তিনি দীর্ঘ সময় আলোচনা করেন। ওসি মো. রাশেদ বিক্ষোভকারীদের আশ্বস্ত করে বলেন, “পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করছে। দ্রুততম সময়ের মধ্যে বাকি আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”

পুলিশের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোরালো আশ্বাসের পর বিক্ষোভকারীরা রাস্তা থেকে অবরোধ তুলে নেন। তবে এলাকাবাসীর হুঁশিয়ারি, আগামী কয়েকদিনের মধ্যে সকল আসামি গ্রেপ্তার না হলে তারা আরও কঠোর কর্মসূচির ডাক দেবেন।