গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে পৌরসভা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জাকির মুন্সী এ বাজেট ঘোষণা করেন।
ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ২৮ কোটি ৪৮ হাজার ২৩৮ টাকা এবং মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ২৭ কোটি ১৬ লাখ টাকা। ফলে বাজেটে উদ্বৃত্ত থাকছে ৮৪ লাখ ৪৮ হাজার ২৩৮ টাকা। পৌর কর্তৃপক্ষ বাজেটটিকে ভারসাম্যপূর্ণ ও উন্নয়নমুখী হিসেবে অভিহিত করেছে। বাজেট বিশ্লেষণে দেখা যায়, মোট আয়ের মধ্যে রাজস্ব আয় নির্ধারণ করা হয়েছে ৭ কোটি ৯৯ লাখ ২৩ হাজার ২৩৮ টাকা এবং উন্নয়ন আয় ধরা হয়েছে ২ কোটি ১২ লাখ ৬০০ টাকা। অপরদিকে ব্যয়ের ক্ষেত্রে রাজস্ব খাতে বরাদ্দ রাখা হয়েছে ১ কোটি ১৬ লাখ ৬০ হাজার ৪৫০ টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ৯৯ লাখ ৩ হাজার ৯৫০ টাকা।
ঘোষিত বাজেটে অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ খাতে আইইউজিআইপি প্রকল্পের আওতায় বরাদ্দ রাখা হয়েছে ২২ কোটি ৫৮ লাখ টাকা। এছাড়া নাগরিক সেবার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা জোরদার এবং রাজস্ব আহরণ বৃদ্ধি এই তিনটি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বাজেটে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় একটি বিশেষ তহবিল সংযোজনের বিষয়টিও উল্লেখ করা হয়, যা জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক, সহকারী প্রকৌশলী আবদুল মালেক, উপসহকারী প্রকৌশলী আবু সায়েম, প্রধান সহকারী সারওয়ার জাহান সেলিম, লাইসেন্স পরিদর্শক আব্দুল মুকিত আপেল, কনজারভেন্সি সুপারভাইজার আনিসুর রহমান টেক্কাসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
পৌর প্রশাসক জাকির মুন্সী বলেন, “এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে রহনপুর পৌরসভাকে একটি আধুনিক ও নাগরিকবান্ধব পৌর এলাকায় রূপান্তর করা হবে।”
স্থানীয়দের প্রত্যাশা, ঘোষিত বাজেট যথাযথভাবে বাস্তবায়িত হলে রহনপুর পৌরসভার সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং নাগরিক সেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।