রামু (কক্সবাজার) সংবাদদাতা : কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে থোয়াঙ্গা কাটা এলাকায় একমাত্র যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত কাঠের সেতুটি ভেঙে পড়ে চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। থোয়াঙ্গা কাটা গ্রাম থেকে শিয়া পাড়া পর্যন্ত সংযোগ স্থাপনকারী এই সেতুটি দীর্ঘদিন ধরে স্থানীয়দের যাতায়াতের প্রধান ভরসা ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩০ হাজার মানুষের বসবাস এই এলাকায়। তাদের মধ্যে অধিকাংশই রাবার বাগানের শ্রমিক। প্রতিদিন জীবিকার তাগিদে তাদের এই সেতু দিয়েই যাতায়াত করতে হয়। এলাকাবাসীর উদ্যোগে নির্মিত সেতুটি বর্ষা মৌসুম শুরুর আগেই ভেঙে যাওয়ায় বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
এলাকার সচেতন বাসিন্দা মোহাম্মদ ইমরান বলেন, ‘বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতারা সেতু নির্মাণের আশ্বাস দিলেও বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে আমরা চরম দুর্ভোগে আছি।’ তিনি দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণে জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
স্থানীয়দের অভিযোগ, সেতুটি মেরামত বা পুনর্নির্মাণে এখনো কোনো দৃশ্যমান উদ্যোগ নেয়া হয়নি। এতে করে শ্রমিক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।
এ বিষয়ে গর্জনিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসীর দাবি, দ্রুত একটি টেকসই ও নিরাপদ সেতু নির্মাণ করা না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।