রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : রূপগঞ্জে পুলিশি অভিযানে গ্রেফতারকৃত একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি শামীমকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৫ মে )রাত আড়াইটার দিকে উপজেলার চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী ও জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
শামীম মিয়া রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার আব্দুল খালেদের ছেলে। সন্ত্রাসী শামীমকে ছিনিয়ে নেওয়ার পর আইন-শৃঙ্খলা বাহিনী চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় জটিকা অভিযান পরিচালনা করেন। এ সময় শামীমের স্ত্রী সাথী আক্তারসহ ১৩ জনকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকাটি অপরাধের আঁতুড়ঘড় হিসেবে পরিচিত। এখানে বছরের পর বছর হত্যা, মাদক ও অস্ত্র ব্যবসাসহ নানা ধরনের অপরাধ সংগঠিত হয়ে আসছে। সরকার পরিবর্তনের সাথে সাথে এই অপরাধ সম্রাজ্যের নিয়ন্ত্রণও বদল হয়। এরই ধারাবাহিকতায় বর্তমান সময়ের নিয়ন্ত্রণ কর্তা বনে গেছেন রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ও চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার বাসিন্দা শামীম মিয়া। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা সহ বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে। এছাড়া কয়েকটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্টি রয়েছে। দীর্ঘদিন ধরে এই পলাতক আসামীকে খুঁজছিল পুলিশ।
সোমবার রাতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম ও রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ওয়ারেনভুক্ত পলাতক আসামী শামীম মিয়াকে গ্রেফতার করে হ্যান্ডকাফ পরিয়ে পুলিশের গাড়িতে উঠানো হয়। এক পর্যায়ে শামীমের অনুসারীরা পিকআপ গাড়িসহ পুলিশকে অবরুদ্ধ করে নানা ধরনের স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে পুলিশের গাড়ি থেকে শামীমকে ছিনিয়ে নিয়ে যায়।
পরে চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় শামীমের স্ত্রী সাথী আক্তারসহ ১৩ জনকে আটক করা হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, পুলিশের অভিযানের অংশ হিসেবে মাদক ও অস্ত্র উদ্ধারসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করতে পুলিশ চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় অভিযান পরিচালনা করেন।এ সময় একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী শামীম মিয়াকে গ্রেফতার করা হয়। শামীমের অনুসারীরা পুলিশের উপর মব সৃষ্টি করে তকে ছিনিয়ে নিয়ে যায়। পরে পরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে শামীমের স্ত্রীসহ ১৩ জনকে আটক করে। এ ব্যাপারে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।