মাধবদী (নরসিংদী) সংবাদদাতা: নরসিংদীর সদর উপজেলার মাধবদীর মদনগঞ্জ সড়কে ডাইং ফ্যাক্টরীর কেয়ারটেকার মজিবুর রহমান নামে এক ব্যক্তিকে দুষ্কৃতকারিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে।
সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার মদনগঞ্জ রোডের ৫ নং ব্রীজের কাছে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মজিবুর (৫৫)। সে সদর উপজেলার মাধবদী থানাধীন বিরামপুরের বাহাদুরপুর এলাকার বাসিন্দা ও মাধবদীর কালিবাড়ির একটি ডাইং ফ্যক্টরীর কেয়ারটেকার হিসেবে কাজ করতো বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদী-মদনগঞ্জ সড়কের ৫নং ব্রিজের ময়লার স্তূপের কাছে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে দুষ্কৃতকারীরা মুজিবুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়। পরে তাকে এক সিএনজি চালক ঘটনাস্থল থেকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে ওইসময় সিএনজি চালক লাশ ফেলে রেখে হাসপাতাল থেকে পালিয়ে যায়।