জিয়ানগর (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরের জিয়ানগরে আরও ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করেছে পুলিশ। গত ২১ এপ্রিল রাতে জিয়ানগর থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই সাইদুজ্জামানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামের ইবাদুল কবির বাদল হাওলাদারের বাড়ীর ভেতর থেকে এ বিটুমিন উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। প্রায় ১ মাস ধরে বাদল হাওলাদারের বাড়ীর ভেতরে এই বিটুমিন রক্ষিত ছিল।

বাড়ীর মালিক বাদল হাওলাদার জানান, ‘তিনি ঢাকায় থাকেন। তার বাড়ীতে কে বা কারা এই বিটুমিন রেখে গেছেন তা তিনি জানেন না।’ এর আগে গত ৪ এপ্রিল পুলিশ বাদল হাওলাদারের ভাইয়ের ছেলে জিয়ানগর বাজারের ব্যবসায়ী মেসার্স পলাশ এন্টার প্রাইজের মালিক ও ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদারের হেফাজত থেকে ৫৯ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করে।

তখন ঝালকাঠি জেলা সদরের শ্যাডো কনস্ট্রাকশনের মালিকের মামলার সূত্র ধরে সিসিটিভির ফুটেজ থেকে সনাক্ত করা ট্রাক চালকের তথ্যমতে ওই চোরাই বিটুমিন উদ্ধার করা হয়েছিল। বর্তমানে উদ্ধার করা ৭৫ ব্যারেল বিটুমিনও পলাশ হাওলাদারের বলে জনমনে সন্দেহ থাকলেও অবশ্য তিনি তা অস্বীকার করেছেন।