শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতর হাফিজ উল্লাহ নামে এক বৃদ্ধকে নামাজরত অবস্থায় হত্যা করা হয়েছে।

গত রবিবার ভোরে শ্রীমঙ্গল উপজেলার ২নং ভূনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে ফজর নামাজের সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হাফিজ উল্লাহ (৮০) পশ্চিম লইয়ারকুল গ্রামের বাসিন্দা।

ঘটনার পর পুলিশ ঘাতক জসিম মিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে। শ্রীমঙ্গল থানার উপ-পুলিশ পরিদর্শক সজীব চৌধুরী জানান, ফজর নামাজ চলাকালীন সময় হঠাৎ করে এক ব্যক্তি মসজিদের অভ্যন্তরে প্রবেশ করে হাফিজ মিয়ার উপর হামলা করে। খুনি একটি কলম দিয়ে হাফিজ উল্লাহর চোখে, মাথায় ও মুখের বিভিন্ন স্থানে খুঁচিয়ে জখম করে। হামলার পর স্থানীয়রা বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালের নেয়ার সময় তার মৃত্যু হয়।

ঘটনার পর পরই শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্নাসহ পুলিশর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরী বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত জসিম মিয়াকে (৩২) তার বাড়ি থেকে গ্রেফতার করেছে। জসিম মিয়া একই এলাকার শওকত আলীর ছেলে।

হত্যাকান্ডের সুনির্দিষ্ট কোন কারন জানা যায়নি বলে জানান শ্রীমঙ্গল থানার এস আই সজীব চৌধুরী। তিনি আরো জানান, হত্যাকান্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।

গতকাল সকালে নিহতের লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।