কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় প্রতারণার মাধ্যমে স্বর্ণের চেইন হাতিয়ে নেওয়ার ঘটনায় এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। একই ঘটনায় ভুক্তভোগীর অভিযোগ, তদন্তের সময় পুলিশের এক কর্মকর্তা তাকে হুমকি দিয়েছেন যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, কোটচাঁদপুর উপজেলার বাসিন্দা খাদিজা পারভীন (২৬) গত ২৪ মার্চ ২০২৬ তারিখে মহেশপুর বাজারে গেলে সাফদারপুর ইউনিয়নের লক্ষীকুন্ডু গ্রামের রমজান আলীর মেয়ে সোনিয়া আক্তার (২৪) তাকে কৌশলে একটি পার্লারে নিয়ে যায়। সেখানে বিশ্বাস অর্জন করে খাদিজার গলায় থাকা প্রায় ১৪ আনা ওজনের স্বর্ণের চেইন খুলে নেয়, যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা।

পরে চেইনটি ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে অভিযুক্ত সোনিয়া সাফদারপুর বাজারের ‘রাখি জুয়েলার্স’ থেকে নতুন করে তৈরি করে দেওয়ার কথা বলে সময়ক্ষেপণ করতে থাকে। ৩ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত একাধিকবার ডেকে নিয়েও দোকান বন্ধ পাওয়া যায় এবং বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে যায় অভিযুক্ত। একপর্যায়ে চাপ দিলে ভুক্তভোগীকে ভয়ভীতি প্রদর্শনেরও অভিযোগ ওঠে। এ ঘটনায় খাদিজা পারভীন কোটচাঁদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।