ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ রোববার (৭ জুন)। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের পর এটি হতে যাচ্ছে সংসদের প্রথম বাজেট অধিবেশন।

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন হিসেবে এই অধিবেশন আজ রোববার বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে শুরু হবে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করতে পারেন বলে জানা গেছে।

এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (এক) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদের এ অধিবেশন আহ্বান করেন।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম শনিবার (৬ জুন) গণমাধ্যমকে বলেন, ‘১১ জুন বাজেট উপস্থাপন করা হবে। ১৫ জুন চলতি অর্থবছরের সম্পূক বাজেট পাস হবে। এরপর ১৬ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনা শুরু হবে। ৩০ জুন বাজেট পাস করতে হবে। তাই প্রতিদিন সকাল-বিকেল দুইবেলা বৈঠক হতে পারে।’

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল সমাপ্ত হয়।

ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস করা হয়।