তৌফিক রুবেল, দাউদকান্দি (কুমিল্লা) : কুমিল্লার দাউদকান্দি উপজেলার উত্তর ইউনিয়নের বাহেরচর থেকে কদমতুলি পর্যন্ত নির্মাণাধীন সেতুকে ঘিরে নতুন আশার আলো দেখছিল দাউদকান্দি, তিতাস, মেঘনা ও হোমনাসহ আশপাশের কয়েকটি উপজেলার মানুষ। কিন্তু নির্মাণকাজ চলমান থাকতেই গোমতী নদীর ভয়াবহ ভাঙন এখন সেই স্বপ্নের প্রকল্পকে ফেলেছে অনিশ্চয়তার মুখে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত নদী শাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে শত কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন গুরুত্বপূর্ণ এই সেতু ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাহেরচর-কদমতুলি নৌপথ ব্যবহার করে প্রতিদিন প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষ নদী পারাপার করেন। তিতাস, মেঘনা, হোমনাসহ আশপাশের বিভিন্ন এলাকার লক্ষাধিক মানুষের চলাচলের অন্যতম মাধ্যম এই নৌপথ। বর্ষা মৌসুমে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার করতে হয় সাধারণ মানুষকে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও রোগীরা। এই দুর্ভোগ লাঘবে সরকার প্রায় শত কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করছে। স্থানীয়দের দাবি, সেতুর কাজ শেষ হলে বদলে যাবে পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, বাড়বে অর্থনৈতিক কর্মকাণ্ড এবং কমবে মানুষের সময় ও ভোগান্তি। ইতোমধ্যে সেতুর আনুমানিক ৩০ শতাংশ নির্মাণকাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। তবে এরই মধ্যে গোমতী নদীর দুই পাড়— কদমতুলি ও বাহেরচর এলাকায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হচ্ছে পাড়ের বিভিন্ন অংশ। এতে সেতুর স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। স্থানীয় বাসিন্দারা জানান, শুধু সেতু নির্মাণ করলেই হবে না, এর নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। নদীর স্রোত ও ভাঙনের তীব্রতা যেভাবে বাড়ছে, তাতে দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাদের মতে, নদীর দুই পাড়ে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা, গাইডওয়াল নির্মাণ এবং স্থায়ী নদী শাসনের উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি। এ বিষয়ে স্থানীয়রা উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় কোটি কোটি টাকার এই প্রকল্প গোমতীর ভাঙনে হুমকির মুখে পড়তে পারে। গোমতীর পাড়ে দাঁড়িয়ে এখনও মানুষ স্বপ্ন দেখে— একদিন এই সেতুই বদলে দেবে পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। তবে সেই স্বপ্ন টিকিয়ে রাখতে এখন প্রয়োজন দ্রুত ও কার্যকর উদ্যোগ।
গ্রাম-গঞ্জ-শহর
গোমতীর ভাঙনে হুমকির মুখে নির্মাণাধীন সেতু
কুমিল্লার দাউদকান্দি উপজেলার উত্তর ইউনিয়নের বাহেরচর থেকে কদমতুলি পর্যন্ত নির্মাণাধীন সেতুকে ঘিরে নতুন আশার আলো দেখছিল দাউদকান্দি, তিতাস, মেঘনা ও হোমনাসহ আশপাশের কয়েকটি উপজেলার মানুষ।
Printed Edition