ডিমলা (নীলফামারী) সংবাদদাতা : ডিমলা উপজেলার একটি জনস্বাস্থ্য প্রকৌশলী সংশ্লিষ্ট সরকারি অফিস বর্তমানে চরম অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম পরিচালনা করতে বাধ্য হচ্ছে। অফিসের পাশেই গড়ে ওঠা একটি গরুর ফার্ম থেকে নির্গত মল-মূত্রের তীব্র দুর্গন্ধে অফিস কক্ষের জানালা-দরজা খোলা রাখা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
অফিস সূত্রে জানা যায়, প্রতিদিনের এই অসহনীয় দুর্গন্ধের কারণে কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। অনেক সময় শ্বাসকষ্ট ও বমিভাবসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির মুখেও পড়তে হচ্ছে তাদের। এতে করে জনসেবা প্রদানেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে উপজেলা প্রশাসনকে অবগত করেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে। এখন দেখার বিষয়, জনস্বার্থে গুরুত্বপূর্ণ এই সমস্যার কত দ্রুত কার্যকর সমাধান আসে। স্থানীয়দের মতে, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।