চারঘাটে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ ট্রেন ফেরত দম্পতির ওপর নৃশংস হামলা
চারঘাট (রাজশাহী) : চারঘাট-এ ট্রেনে পপকর্ণ বিক্রি করে জীবিকা নির্বাহ করা এক দম্পতির ওপর নৃশংস হামলা ও ধর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার সরদহ রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী স্বামী বুধবার দুপুরে চারঘাট মডেল থানা-য় মামলা দায়ের করেছেন।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, নাটোর সদর উপজেলার হাশেমপুর গ্রামের ওই দম্পতি প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলে ট্রেনে পপকর্ণ বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাতে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ‘ঢাকা মেইল’ ট্রেনে বিক্রি শেষে তারা রাত প্রায় ১টার দিকে সরদহ স্টেশনে নামেন। এরপর স্টেশনসংলগ্ন একটি চায়ের দোকানে বসে খাবার খাওয়ার সময় এক ব্যক্তি লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।
হামলাকারী প্রথমে স্বামীকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে এবং একটি পরিত্যক্ত দোকানের পাশে বেঁধে ফেলে রাখে। পরে দম্পতির কাছ থেকে পপকর্ণ বিক্রির টাকা ছিনিয়ে নেয়। এরপর জোরপূর্বক স্ত্রীকে স্টেশনসংলগ্ন জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
ভুক্তভোগী স্বামী জানান, তিনি চিৎকার করলে প্রায় ৪৫ মিনিট পর আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে তিনি নিজেই জঙ্গল থেকে স্ত্রীকে উদ্ধার করেন। স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পারেন, অভিযুক্ত আশরাফুল ইসলাম (স্থানীয়ভাবে পরিচিত), যার বাড়ি উপজেলার হলিদাগাছী জাগিরপাড়া গ্রামে।
সরদহ স্টেশনের স্টেশন মাস্টার ইকবাল কবির জানান, ঘটনার সময় স্টেশনে মাত্র তিনজন কর্মী দায়িত্বে ছিলেন। তারা বিষয়টি তাৎক্ষণিকভাবে জানতে পারেননি। পরে ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন,এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
সিরাজগঞ্জের কড্ডার মোড়ে চালভর্তি ট্রাক ছিনতাই
সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম কড্ডার মোড় এলাকা থেকে চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে মহাসড়কের পাশের একটি ধানক্ষেতে ফেলে রেখে চালভর্তি ট্রাক নিয়ে চম্পট দেয় ছিনতাইকারীরা। পরে গাজীপুরের কালিয়াকৈর থেকে সিরাজগঞ্জ থেকে ছিনতাই হওয়া ৫৯০ বস্তা চালসহ ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে এক চাল ব্যবসায়ী ও তাঁর কর্মচারীকে গ্রেপ্তার করা পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে কালিয়াকৈর বাজারের বিভিন্ন গোডাউন ও ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে এসব চাল ও ট্রাকটি জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে বগুড়ার শেরপুর থেকে ৬১০ বস্তা ভারতীয় কাটারিভোগ চাল নিয়ে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১২-৫০৫৮) ঢাকার উদ্দেশে রওনা হয়। ট্রাকটি সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় পৌঁছালে একদল ডাকাত ট্রাকের ড্রাইভার ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে চাউল ভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ নিয়ে ড্রাইভার ও হেলপারকে ধান ক্ষেতে ফেলে দিয়ে ঢাকার দিকে রওনা দেয়।
মাগুরায় মসজিদে ঢুকে হামলা
শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : মাগুরার শ্রীপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মসজিদের ভেতরে ঢুকে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন গুরুতর জখমসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলাকারীরা মসজিদের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (১ মে) জুমার নামাজ শেষে শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের চরজোকা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে।
আহতদের মধ্যে মোক্তার শেখ, দুলাল মণ্ডল ও রেজাউল শেখ গুরুতর জখম হয়েছেন। গুরুতর আহত মোক্তার শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্য আহতদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আতাউর রহমান বলেন, সামাজিক বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের আহ্বান
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দি উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা প্রায় পৌনে ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। এছাড়া দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।সভায় চেয়ারম্যান ও সাংবাদিকরা এলাকায় মাদকের বিস্তার, আইনশৃঙ্খলার অবনতি, কিশোর গ্যাংয়ের তৎপরতা, চুরি-ছিনতাইসহ নানা সমস্যা তুলে ধরেন এবং এসব নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, সমাজে স্থিতিশীলতা বজায় রাখতে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজি ও চুরির মতো অপরাধের বিরুদ্ধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও অংশগ্রহণ বাড়াতে হবে। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান এগিয়ে এলে অপরাধ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।তিনি আরও বলেন, অপরাধ দমনে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি জোরদার এবং দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি।সভাপতির বক্তব্যে ইউএনও নাছরীন আক্তার সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই।এসময় দাউদকান্দি মডেল থানার ওসি এম এ বারী বলেন, তিনি সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কঠোরভাবে কাজ করবেন। তিনি জানান, অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে থাকবে এবং এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।তিনি আরও বলেন, দাউদকান্দির গৌরীপুর হাইওয়ে সড়কের পাশের দোকানপাট রাত ১০টার পর খোলা রাখা যাবে না। পাশাপাশি সড়কে চলাচলকারী সিএনজি ও অটোরিকশায় শৃঙ্খলা নিশ্চিত করতে নজরদারি বাড়ানো হবে। নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দলবদ্ধ ধর্ষণের শিকার
মির্জাপুর (টাঙ্গাইল)সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরের এক নারী প্রেমিকের সঙ্গে গাজীপুরে বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি অতিরিক্ত রক্তক্ষরণে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ বলছে, অভিযুক্ত দুজনের নাম জানা গেছে। গত বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। জানা গেছে, ভুক্তভোগী নারী মির্জাপুর উপজেলার দেওহাটা এলাকার একটি কারখানায় চাকরি করেন। বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি তার প্রেমিক নুরুল হকের সঙ্গে গাজীপুরের কালিয়াকৈরে বেড়াতে যান। এ সময় তাদের সঙ্গে নুরুলের সহযোগী মালেক মিয়া ও অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি ছিলেন। পরে সেখানে গিয়ে কোনো এক বাসায় নিয়ে ওই নারীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়।
আহত অবস্থায় সন্ধ্যার কিছু আগে সিএনজিচালিত অটোরিকশাযোগে ভুক্তভোগী নারী বাড়ি ফেরেন। এ সময় তার রক্তক্ষরণ হচ্ছিল। পরে বাড়ির লোকজন তাকে চিকিৎসার জন্য কুমুদিনী হাসপাতালে নেন। সেখান থেকে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ওই নারী বেড়াতে গিয়ে গাজীপুরের কোনো এক বাসায় ধর্ষণের শিকার হন। ঘটনায় অভিযুক্ত প্রেমিক নুরুল হক ও মালেক মিয়া নামে দুজনের পরিচয় জানা গেছে।