নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা : বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী নদী-নালা-খাল পুনঃখনন কর্মসূচির আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এতে করে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা দূর হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।
সোমবার (৪ মে) বেলা ১১ টায় উপজেলার বড়ুয়া পাড়া হতে এ কর্মসূচির উদ্বোধন করেন বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য (এমপি) রাজপুত্র সাচিং প্রু জেরী।
উঠান বৈঠক অনুষ্ঠিত
গৌরনদী উপজেলায়,বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুক, নারী ও শিশু পাচার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গৌরনদী উপজেলা মহিলা বিষয়ক সংস্থা এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
গতকাল (সোমবার ৪ মে) উপজেলা পরিষদ সভা কক্ষে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গৌরনদী জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান, মোঃ ইব্রাহিম।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
নোয়াখালী : বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহাদাৎ বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি ডা. বোরহান উদ্দিন।
রবিবার (৩ মে) বেলা ১১টায় নোয়াখালী প্রেস ক্লাব প্রাঙ্গণে নোয়াখালী জেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
ধান সংগ্রহের উদ্বোধন
জৈন্তাপুর : সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২০২৬ সালের অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
৩ মে রোববার দুপুর ২ টায় উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ধান সংগ্রহ অভিযানের শুভ সূচনা করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা।
সংবর্ধনা প্রদান
আশাশুনি (সাতক্ষীরা) : সাতক্ষীরা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারকে আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (৩ মে) বেলা ১১ টায় স্কুল হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এস এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন,সংবর্ধিত অতিথি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি। সহকারী শিক্ষক আনম আলমগীর কবিরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল অদুদ,জেলা বিএনপির সদস্য স ম হেদায়েতুল ইসলাম,উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,বাজার কমিটির সভাপতি জাকির হোসেন প্রিন্স, সেক্রেটারী এবিএম আলমগীর পিন্টু, জামায়াতের অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস,প্রেস ক্লাবের সভাপতি এসকে হাসান,সাধারণ সম্পাদক আকাশ হোসেন।
বৃত্তি প্রদান
নবাবগঞ্জ (ঢাকা) : ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদরের শত বছরের অধিক বয়সী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতি এবং মাহবুব আলী খান বৃত্তি পেলেন ৩০ মেধাবী শিক্ষার্থী। ৪ এপ্রিল সোমবার বিকেল ৩টায় বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ছাত্র সমিতির সভাপতি সাবেক শিক্ষক মাহমুদ আলী খান (টুলু স্যার)।