বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের বাগাতিপাড়া উপজেলায় নির্মাণাধীন মিনি স্টেডিয়াম প্রকল্পকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অভিযোগ ঘিরে স্থানীয়দের সঙ্গে সংশ্লিষ্টদের বিরোধ এবং একপর্যায়ে মারধরের ঘটনাও ঘটেছে, যা এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেছে।

স্থানীয়দের অভিযোগ, স্টেডিয়ামের সীমানা প্রাচীর নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। এছাড়া ভরাট কাজে বালির পরিবর্তে পুকুরের মাটি ব্যবহার করা হচ্ছে, যা প্রকল্পের নির্ধারিত মানদণ্ডের পরিপন্থী। তাদের দাবি, যেখানে তিন ভাগ বালি ও এক ভাগ মাটি ব্যবহারের কথা, সেখানে পুরোপুরি মাটি দিয়ে ভরাট করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও পৌর যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন বলেন, ‘২ নম্বর ইট ও নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে। বালি-সিমেন্টের মিশ্রণেও অনিয়ম রয়েছে। আমরা চাই সিডিউল অনুযায়ী কাজ বাস্তবায়ন হোক।’

তবে নির্মাণকাজে নিয়োজিত রাজমিস্ত্রি মোমিনুল হোসেন বলেন, ‘২ নম্বর ইট ব্যবহার করা হচ্ছেÑ এটি সত্য। তবে আমরা শ্রমিক, মালিকপক্ষ যেভাবে উপকরণ দেয়, সেভাবেই কাজ করি।’ এদিকে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে স্থানীয়রা কাজের স্থলে গেলে সাব-কন্ট্রাক্টর মাহবুব হোসেনের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, এ সময় স্থানীয় এক ছাত্রদল নেতা শুভ সাব-কন্ট্রাক্টর মাহবুব হোসেনকে মারধর করেন।

এ বিষয়ে শুভ বলেন, ‘আমার বিরুদ্ধে চাঁদা দাবির মিথ্যা অভিযোগ করা হয়েছে। এ কথা শুনে ক্ষুব্ধ হয়ে আমি তাকে মারধর করি।’

অন্যদিকে সাব-কন্ট্রাক্টর মাহবুব হোসেন বলেন, ‘কাজে কোনো অনিয়ম থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত ছিল। এভাবে মারধর করা গ্রহণযোগ্য নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’

ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ফ্রেন্ডস ইঞ্জিনিয়ারিং এন্ড কন্ট্রাকশন ওয়ার্কস’-এর স্বত্বাধিকারী সাখাওয়াত হোসেন দাবি করেন, তারা সরকারি নিয়মনীতি মেনেই কাজ করছেন। তার অভিযোগ, কিছু ব্যক্তি পূর্বে চাঁদা দাবি করেছিল, তা না পেয়ে এখন বিভিন্ন অভিযোগ তুলে কাজের পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।