ঝিনাইদহ জেলা শহরে মেডিকেল কলেজ স্থাপন, রেললাইন সংযোগ স্থাপন, কৃষি বিশ্ববিদ্যালয়, পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট সংলগ্ন পদ্মা নদীতে এলাকায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ ও নদী সংস্কারের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় সরকার, ঝিনাইদহ উপপরিচালক রথীন্দ্র নাথ রায়ের কাছে স্মারকলিপি প্রদান করে ঝিনাইদহ রেল লাইন, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি। স্মারকলিপি প্রদানকালে ঝিনাইদহ রেল লাইন, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সভাপতি উপাধক্ষ্য এনএম শাহজালাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, শিশু একাডেমীর সাবেক উপপরিচালক আয়ুব হোসেন রানা, জেলা বিএনপির প্রচার সম্পাদক প্রভাষক এম আক্তার মুকুল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক কামাল হোসেন, জাতীয়তাবাদী ওলামাদলের সদস্য সচিব হাফেজ কামরুল, জেলা ইমাম সমিতির সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ, বাসদ জেলা আহবায়ক এ্যাড. আসাদুল ইসলাম, জেলা সমাজতান্ত্রিক ছাত্রফন্টের আহবায়ক শারমিন সুলতানা, জেলা বাসদের সদস্য মো. আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, পার্শ্ববর্তী জেলাগুলোতে রেল সংযোগ থাকলেও ঝিনাইদহ জেলা শহর এখনও বঞ্চিত। জেলা সদরকে রেললাইনে সংযুক্ত করার পাশাপাশি জেলা শহরে মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যৌক্তিকতা রয়েছে। একইভাবে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও নবগঙ্গা নদী সংস্কারের দাবি জানান প্রতিনিধি দলের সদস্যরা। প্রেস বিজ্ঞপ্তি।