নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইলে আদালতের রায়ে বুঝে পাওয়া জমি পুনরায় জবরদখল ও জালিয়াতির মাধ্যমে দখলের অভিযোগ উঠেছে। উপজেলার বিলভাদেরা গ্রামের ভুক্তভোগী আনতারুল হক খান তাঁর আপন বড় ভাই আজহারুল হক খান ও ভাতিজার বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় এই অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৯ সালে আদালতের চূড়ান্ত রায়ের প্রেক্ষিতে থানা পুলিশ আনতারুল হককে তাঁর পৈতৃক ২.৩১ শতাংশ জমি দখল বুঝিয়ে দেয়। তবে ভুক্তভোগীর দাবি, ২০২১ সালে বিবাদীপক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক জমিটি পুনরায় দখল করে এবং সেখানে থাকা সাবমারসেবল পাম্পসহ স্থাপনা নিয়ন্ত্রণে নেয়। এছাড়া তথ্য গোপন করে জাল দলিলের মাধ্যমে জমিটি তৃতীয় পক্ষের কাছে হস্তান্তরেরও অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আনতারুল হক বলেন, “আদালত ও পুলিশ আমাকে জমি বুঝিয়ে দেওয়ার পরও তারা গায়ের জোরে তা দখল করে নিয়েছে। আমি এখন নিজ ভূমিতে পরবাসী হয়ে মানবেতর জীবন কাটাচ্ছি।” তবে অভিযুক্ত আজহারুল হক খান অভিযোগ অস্বীকার করে বলেন, “এসব দাবি মিথ্যা। আমাদের কাছে প্রয়োজনীয় দলিলাদি আছে এবং আদালতে মামলা চলমান রয়েছে।” নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”