দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দিতে নিখোঁজের পর রিফাত (১২) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটো-রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা তাকে হত্যা করে খালের মধ্যে ফেলে রেখে যায়। ২৩ এপ্রিল, ২০২৬ বৃহস্পতিবার সকালে ১০:০০ দাউদকান্দি থানাধীন জিংলাতলি ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন জিংলাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের ব্রীজের নিচে একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। লাশ উদ্ধারের সময় নিহতের পরিচয় অজ্ঞাত থাকলেও পরবর্তীতে তার নাম-ঠিকানা শনাক্ত করা হয়। নিহত কিশোরের নাম রিফাত (১২)। সে দাউদকান্দি পৌরসভার উত্তর নছরউদ্দিন গ্রামের মো: হাসান ও সুমি বেগম দম্পতির পুত্র। প্রাথমিক তদন্তে জানা গেছে, গতরাতের কোনো এক সময় অজ্ঞাতনামা ছিনতাইকারীরা ভিকটিমের কাছ থেকে অটো-রিকশা ছিনতাই করার উদ্দেশ্যে তাকে আক্রমণ করে। ধারণা করা হচ্ছে, রিফাতকে নির্মমভাবে হত্যা করার পর ব্রীজের নিচে খালের মধ্যে ফেলে রেখে ছিনতাইকারীরা পালিয়ে যায়। দাউদকান্দি মডেল থানা পুলিশ জানিয়েছে যে, “আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। অপরাধীদের শনাক্ত করতে এবং তাদের আইনের আওতায় আনতে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা সম্ভব হবে বলে আমরা আশা করছি।”এই ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মামলার প্রস্তুতি নিচ্ছে।