গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে ঘিরে ‘মব’ সৃষ্টি করে হেনস্তার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ মে) বিকেলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, একদল লোক হঠাৎ করে কার্যালয়ে প্রবেশ করে উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচি শুরু করে এবং কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে হট্টগোল সৃষ্টি করে। এতে দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হয় এবং সেবা নিতে আসা খামারিরা সাময়িক ভোগান্তিতে পড়েন।

ভুক্তভোগী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি পক্ষ পরিকল্পিতভাবে অফিসে এসে আমাকে হেনস্তা করেছে। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।”

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক খামারি বলেন, “কোনো অভিযোগ থাকলে তা নিয়মতান্ত্রিকভাবে উত্থাপন করা উচিত। এভাবে একজন কর্মকর্তাকে হেনস্তা করা অনভিপ্রেত। ব্যক্তিগতভাবে আমি তাকে সৎ কর্মকর্তা হিসেবেই জানি।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্থানীয় যুবদল নেতা শামিউল আওয়াল (বকুল) বলেন, “ডেইরি ফার্মের একটি প্রশিক্ষণে গিয়ে দেখি কিছু লোকজন উত্তেজিত অবস্থায় আছে। পরে শুনেছি, নির্ধারিত সময়ের মধ্যে চারটি প্রশিক্ষণ হওয়ার কথা থাকলেও একটি করে চারটির স্বাক্ষর নেওয়ার অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত হওয়া প্রয়োজন।”

তিনি আরও জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিলের প্রস্তুতি চলছে।

ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে পরিকল্পিত অপপ্রচার বলছেন, আবার কেউ সম্ভাব্য অনিয়মের নিরপেক্ষ তদন্ত দাবি করছেন। সংশ্লিষ্ট মহল মনে করছে, বিষয়টির স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন জরুরি।