আমীর হামজা, খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতাঃ কুষ্টিয়া খোকসা উপজেলা এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) কংগ্রেস-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে।

সোমবার দুপুরে খোকসা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছাঃ তাসমিন জাহান। শুরুতেই স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল নোমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুষ্টিয়া খামারবাড়ির উপ-পরিচালক ড. মোঃ শওকত হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ শেখ সাজ্জাদ হোসেন। এছাড়াও উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণসহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, পিএফএস-এর মাধ্যমে প্রশিক্ষিত কৃষকদের অর্জিত প্যাকেজ প্রযুক্তির জ্ঞান, দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা প্রকল্প এলাকার অন্যান্য নন-পিএফএস কৃষক-কৃষাণীদের মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি উন্নয়ন এবং কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল শক্তিশালীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রতিটি পিএফএসকে ফার্মার সার্ভিস সেন্টার (FSC)-এ রূপান্তরের লক্ষ্যে প্রয়োজনীয় সাংগঠনিক দক্ষতা প্রদান এবং প্রযুক্তির টেকসই ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।