শাজাহানপুর (বগুড়া) সংবাদদাতা : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার উদ্যোগে বিশাল র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার সকাল ৯টায় উপজেলার মাঝিড়া বন্দরে বায়তুর রহমান জামে মসজিদের সামনে বগুড়া-ঢাকা মহাসড়কের পশ্চিম পাশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের উপজেলা সভাপতি তারেকুল ইসলাম তারেকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী। তিনি বলেন, শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শোষণমুক্ত সমাজ গঠনে শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শ্রমিকদের অধিকার আদায়ে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান তিনি।

উপজেলা সাধারণ সম্পাদক রুহুল আমীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার। তিনি বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের ন্যায্য মর্যাদা ও অধিকার নিশ্চিত না হলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। শ্রমিকদের কল্যাণে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, ফেডারেশনের বগুড়া জেলা সভাপতি মনজুরুল ইসলাম রাজু, শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, শাজাহানপুর উপজেলা জামায়াতের সাবেক আমীর ও জেলা ইউনিট সদস্য আব্দুল লতিফ বাবু এবং উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা কাওছার আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বগুড়া-ঢাকা মহাসড়ক হয়ে শাজাহানপুর উপজেলা চত্বর অতিক্রম করে মাঝিড়া বন্দর প্রদক্ষিণ শেষে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়। সমাবেশ ও র‌্যালিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও শ্রমিক অংশগ্রহণ করেন।