লালপুর (নাটোর) সংবাদদাতাঃ নাটোরের লালপুরে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত একটি ইমু হ্যাকিং চক্রের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে লালপুর থানা পুলিশ। শুক্রবার (৯ মে) দিবাগত রাতে উপজেলার দুড়দুড়িয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— দুড়দুড়িয়া এলাকার দোয়াবর আলীর ছেলে মোঃ রাজন হোসেন (৩২), মৃত মজিবর রহমানের ছেলে মোঃ আহাদ আলী (১৯) এবং তুহিন আলীর ছেলে মোঃ তুষার আলী (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের সদস্য হিসেবে ইমু অ্যাকাউন্ট হ্যাক করে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহ, বিভিন্ন কৌশলে অর্থ হাতিয়ে নেওয়া এবং সাইবার প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগের ভিত্তিতে পুলিশ নজরদারি বাড়ায়।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে লালপুর থানা পুলিশ দুড়দুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মোবাইলগুলোতে গুরুত্বপূর্ণ তথ্য ও প্রতারণার আলামত পাওয়া যেতে পারে বলে ধারণা করছে পুলিশ।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, সে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। সাইবার অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সাইবার প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।