নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের হাতে তিন রাবার শ্রমিক অপহরণের ঘটনা ঘটেছে। বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ৩৮০ নম্বর আলীক্ষ্যং মৌজার মুসতইল্লা পাহাড় এলাকায় অবস্থিত আবীর রাবার বাগানের স্টাফ কোয়ার্টার থেকে এ অপহরণের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও বাগান কর্তৃপক্ষ জানায়, রাতের আঁধারে ১২ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল মুখোশ পরে স্টাফ ঘরের দরজায় এসে দরজা খুলতে বলে। ভেতরে থাকা শ্রমিকরা দরজা খুলতেই অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ফেলে। এ সময় স্টাফ কোয়ার্টারে নারী-পুরুষসহ মোট ১৩ জন ঘুমিয়ে ছিলেন। সেখান থেকে তিনজন তরুণ শ্রমিককে জোরপূর্বক তুলে নিয়ে যায় অপহরণকারীরা।

অপহৃতরা হলেন— টেকনাফ উপজেলার শফিউল্লাহ কাটার বাসিন্দা মো. ছিদ্দিকের পুত্র নুরুল ইসলাম (২০), আনোয়ারের পুত্র এনামুল হক (২০) এবং খুইল্যা মিয়ার পুত্র হাসান (২০)।

ঘটনার সময় উপস্থিত বাগানের টেপার নুরুল ইসলাম জানান, “হঠাৎ গভীর রাতে দরজায় শব্দ পেয়ে আমরা জেগে উঠি। দরজা খুলতেই মুখোশধারী সশস্ত্র লোকজন আমাদের ওপর চড়াও হয়। তারা অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তিনজনকে তুলে নিয়ে যায়। আমরা কেউই প্রতিরোধ করতে পারিনি।”

দুর্বৃত্তরা যাওয়ার সময় স্টাফ কোয়ার্টার থেকে ৫টি মোবাইল ফোন, ২টি দা এবং ৩টি টর্চলাইট নিয়ে যায় বলেও জানা গেছে।