বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, ইসলামী ব্যাংক দেশের অর্থনীতির একটি অন্যতম প্রধান স্তম্ভ। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে।
রোববার (৭ জুন) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে ‘নাগরিক মঞ্চ’র উদ্যোগে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র বন্ধ এবং আন্দোলনরত সাধারণ গ্রাহকদের ন্যায্য দাবি পূরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে অবিলম্বে ব্যাংকটির স্বাভাবিক ও সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনতে এবং আন্দোলনরত গ্রাহকদের ন্যায্য দাবিগুলো দ্রুত মেনে নিয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার আহবান জানান। তিনি হুশিয়ার করে বলেন, ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র করা হলে ফ্যাসিবাদের পরিণতি ভোগ করতে হবে।
তিনি আরো বলেন বিগত সব সরকার এই ব্যাংক থেকে আর্থিক সুবিধা গ্রহণ করেছে অন্যদিকে ব্যাংক ধ্বংস করার চেষ্টাও করেছে।
আলোচনা সভায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাগরিক মঞ্চের প্রধান সমন্বয়কারী ও দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাহ শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘আয়না ঘর’ থেকে মুক্তিপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্নেল (অব.) হাসিনুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ ড. ফয়জুল হক, কর্ণেল (অব.) ফরিদুল আকবর, লেঃ কর্ণেল (অব.) আবু ইউসুফ জোবায়ের উল্লাহ পিএসসি, জাগপা’র প্রেসিডিয়াম সদস্য, ৯০’র গণআন্দোলনের নেতা আসাদুর রহমান খান, ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ এর মহাসচিব প্রফেসর ড. মোঃ আবু হানিফ খান, বাংলাদেশ ইসলামী দলের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, ইসলামী সমাজতান্ত্রিক দলের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, ওয়াল্ড মুসলিম উম্মাহ’র সভাপতি ডা. ফরিদ উদ্দিন আহমেদ, জাস্টিস পার্টির চেয়ারম্যান এড. আবুল কাশেম মজুমদার, রিলায়েন্স ইসলামী অ্যালয়েন্স এর চেয়ারম্যান এডভোকেট মোঃ মাইনুদ্দিন, সামরিক ও রাজনৈতিক বিশ্লেষক মেজর (অব.) হারুন-অর-রশিদ, কমান্ডার (অবঃ) মোঃ সিদ্দিকুর রহমান, মুসলিম উম্মাহ’র চেয়ারম্যান মুফতি আব্দুস সালাম, মঞ্চ ২৪ এর পরিচালক মোঃ আব্দুল মান্নান মিলন, ন্যাশনাল লেবার পার্টির মুখপাত্র শরিফুল ইসলাম, উর্দুভাষী মুভমেন্ট এর সভাপতি আফজাল ওয়াশির, প্রাইভেট মাদ্রাসা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, ছাত্রনেতা মোঃ আরমানসহ প্রমুখ।
সভাপতির বক্তব্যে আহসান উল্লাহ শামীম বলেন, নাগরিক মঞ্চ সবসময় দেশের মানুষের অধিকার ও জাতীয় স্বার্থে কথা বলে। ইসলামী ব্যাংকের গ্রাহকদের দুর্ভোগ লাঘবে এবং ব্যাংকটিকে রক্ষায় আমরা প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদ সরকারের আমলেও এই ব্যাংকটি নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে রাজপথে আন্দোলন করতে হয়েছে। তিনি আরো বলেন, গ্রাহক ও সাধারণ মানুষের আন্দোলনের ভাষা হচ্ছে ব্যাংকের সর্বোচ্চ পদে কোন দুর্নীতিবাজ, লুটপাটকারী ও ঋণ খেলাপিদের বরদাস্ত করা হবে না।