মোংলা সংবাদদাতা : সুন্দরবনের একটি পর্যটনকেন্দ্রে হামলা ও ডাকাতির চেষ্টার ঘটনায় দুই দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (৫ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ৪ মে ভোররাতে খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী খাল সংলগ্ন সুন্দরী ইকো রিসোর্টে অবস্থানরত পর্যটকদের লক্ষ্য করে একটি দুষ্কৃতিকারী দল হামলার উদ্দেশ্যে রিসোর্টে প্রবেশ করে। তারা জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে রিসোর্টের দায়িত্বশীলরা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দেয়। এতে দুষ্কৃতিকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে রিসোর্ট কর্তৃপক্ষ ঘটনাটি কোস্ট গার্ডকে জানায়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে সংশ্লিষ্টদের শনাক্ত করতে কোস্ট গার্ড গোয়েন্দা নজরদারি জোরদার করে। এর ধারাবাহিকতায় একই দিন বিকেলে কোস্ট গার্ড বেইস মোংলার একটি দল ঢাংমারী খাল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় ঘটনাটির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে রাজন সরদার (২৫) এবং রতন সরদার (১৪) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। তারা উভয়েই খুলনার দাকোপ থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকা-ে জড়িত ছিল। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।