জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ বলেছেন- ‘জুড়ীতে এমনিতেই খেলাধুলার চর্চা করা হয়। বিভিন্ন সময় ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা হয়। এখানে ভালো কোনো মাট ছিল না। আমাদের সরকার জুড়ীতে একটি স্টেডিয়াম করে দিয়েছেন। যেহেতু উন্নত মানের স্টেডিয়াম হয়েছে সেহেতু আমরা বড় আকারে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করব। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবো। আমরা প্রচুর পরিমাণে ক্রীড়া সামগ্রী প্রদান করব। বিশেষ করে অসচ্ছল খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী দেয়া হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে চিন্তা ভাবনা রয়েছে আমরা সেগুলো বাস্তবায়নের মাধ্যমে আমাদের শিশু-যুবকদের মাদক ও সন্ত্রাস থেকে রক্ষা করব।’

তিনি শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নবনির্মিত জুড়ী মিনি স্টেডিয়ামে উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি আয়োজিত “মরহুম আব্দুল মক্তদীর চেয়ারম্যান স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট -২০২৬” এর শুভ উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মাছুম রেজা এর সভাপতিত্বে অনুষ্টিত্ব উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার, জুড়ী থানার অফিসার ইনচার্জ মিনহাজ উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু।