বটিয়াঘাটা সংবাদদাতা : খুলনার বটিয়াঘাটা উপজেলায় অবৈধভাবে কয়লা তৈরির চুলার বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে ১৮টি চুলা উচ্ছেদ ও ১৫০ বস্তা কয়লা জব্দ করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) দুপুরে উপজেলার ৭নং আমিরপুর ইউনিয়নের হাসিমপুর ও শ্যামগঞ্জ গ্রামে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হাসিমপুর গ্রামে শহিদুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তির দখলে থাকা ৩টি অবৈধ কয়লা তৈরির চুলা ভেঙে ফেলা হয়। এ সময় ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনের ১৫(১) ধারার ১২ অনুযায়ী তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, শ্যামগঞ্জ গ্রামে মালিকবিহীন ১৫টি অবৈধ চুলা উচ্ছেদ করা হয়। এছাড়া সেখান থেকে ১৫০ বস্তা কয়লা জব্দ করে স্থানীয় ইউপি চেয়ারম্যান, সদস্য ও গ্রাম পুলিশের জিম্মায় রাখা হয়েছে। জব্দকৃত কয়লা পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রি করা হতে পারে বলে জানা গেছে।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়েব-শাত-ঈল-ইভান। এসময় বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমানসহ পুলিশের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।