আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাম-রুবেলা ক্যাম্পেইন ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩ মে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফজলে রাব্বির সভাপতিত্বে ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম। আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্দুল হালিমের উপস্থাপনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম, প্রাণীস্পদ কর্মকর্তা ডা: বেনজীর আহমেদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান প্রধান প্রমুখ।

বিশেষ অভিযান

মোংলা উপজেলায় অপরাধ নিয়ন্ত্রণে থানা পুলিশের চলমান ‘জিরো টলারেন্স’ কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত এক বিশেষ অভিযানে সাতজন পেশাদার জুয়ারীকে আটক করা হয়েছে।

শনিবার (২ মে) গভীর রাতে উপজেলার মিঠাখালী ইউনিয়নের একটি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, মিঠাখালী গ্রামের শহিদুল ইসলামের বসতবাড়ির বারান্দায় নিয়মিতভাবে গভীর রাত পর্যন্ত জুয়ার আসর বসছিল। এ বিষয়ে গোপন তথ্য পাওয়ার পর মোংলা থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ঘিরে ফেলে সাতজনকে আটক করতে সক্ষম হয়।

উদ্বোধন

নবাবগঞ্জ (ঢাকা) ৩ মে রবিবার দুপুর ১২টার দিকে দোহার উপজেলার বৌবাজার থেকে তিন কিলোমিটার দীর্ঘ খাল খনন কাজের উদ্বোধন করেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

গ্রেফতার

মির্জাপুর (টাঙ্গাইল) মির্জাপুরে ৫শ পিস ইয়াবাসহ শওকত হোসেন নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার (২ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শওকত হোসেন (৪৮) উপজেলার লতিফপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের হোসাইন উদ্দিনের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোড়াই ফ্লাইওভারের উত্তর পাশের একটি ভবনে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে মাদক কারবারি শওকত হোসেনকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৫শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।