শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরার শ্যামনগরে অনিমেষ পরমান্য (৫০) নামে এক কৃত্রিম প্রজনন (এআই) কর্মীকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুষ্কৃতিকারীরা। শনিবার (২ মে) সকাল ১০টার দিকে রোগী দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার ভাই প্রিয়নাথ পরমান্য শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ অনিমেষ উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের মৃত নিতাই পরমান্যের ছেলে এবং স্থানীয়ভাবে কৃত্রিম প্রজনন কর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস বলেন, অনিমেষ পরমান্য কৈখালী ইউনিয়নের কৃত্রিম প্রজনন কর্মী হিসেবে কর্মরত ছিলেন। তার নিখোঁজ হওয়ায় সহকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমান জানান, পরিবারের কাছে আসা ফোনকলের লোকেশন শনাক্ত করে শনিবার দিবাগত রাত ৩টা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। এ সময় একটি পরিত্যক্ত বাড়ির সন্ধান পাওয়া গেছে। তিনি বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সব সম্ভাবনা বিবেচনায় নিয়ে নিখোঁজের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।”