গজারিয়া সংবাদদাতা : মুন্সীগঞ্জের গজারিয়ায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানী। গত ৭ মে উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন,ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুব এবং পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম (পিপিএম), উপজেলা নির্বাহী অফিসার মো.মাহমুদুল হাসান,জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, জেলা জাসাস আহ্বায়ক হাসান জাহাঙ্গীর সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
খাল পুনঃখননে ফিরছে প্রাণ
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারী উপজেলা জুড়ে দীর্ঘদিনের জলাবদ্ধতা, দূষণ ও কৃষিজমি ক্ষতির সমস্যা নিরসনে আশার আলো দেখা দিয়েছে। অবহেলা ও দখলে মৃতপ্রায় হয়ে পড়া খালগুলো পুনরুদ্ধারে শুরু হয়েছে ব্যাপক পুনঃখনন কার্যক্রম। এরই অংশ হিসেবে হাটহাজারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফটিকা কামালপাড়া এলাকায় ছোট্ট খাল পুনঃখননের কাজ এখন দৃশ্যমান অগ্রগতি পেয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এ খালটি পুনঃখননের মাধ্যমে সুন্দরী খালের সঙ্গে সংযুক্ত করা হবে। এতে পানি প্রবাহ স্বাভাবিক হওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমে আসবে বলে আশা করছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ খালের ময়লা ও দূষিত পানি এসে ছোট্ট খালটিতে জমা হতো। ফলে খালটি ভরাট হয়ে প্রায় মৃতপ্রায় অবস্থায় পরিণত হয়। এর প্রভাব পড়ে আশপাশের বিস্তীর্ণ কৃষিজমিতে। বিশেষ করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, দুর্গন্ধ ও দূষিত পানির কারণে স্থানীয়দের দুর্ভোগ চরম আকার ধারণ করত। অনেক কৃষক বছরের পর বছর জমিতে চাষাবাদ করতে পারেননি।
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপির নির্দেশনায় হাটহাজারী পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় খাল পুনঃখনন কার্যক্রম চলমান রয়েছে। সংশ্লিষ্টরা জানান, সরকারের পরিকল্পিত উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে জলাবদ্ধতা নিরসন, কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সড়কের উদ্বোধন
চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গা সদর উপজেলার ১৫ নং আইলহাঁস ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত ঘোলদাড়ি হতে হোসেনপুর গ্রামের গুরুত্বপূর্ণ সড়কের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে সড়কটির উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
এসময় উপস্থিত ছিলেন ১৫ নং আইলহাঁস ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোহাঃ মিনাজ উদ্দীন বিশ্বাস, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ মুছাব আলী, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বড়াল ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রাম পৌরসভার প্রাণকেন্দ্রে বহুল প্রত্যাশিত বড়াল নদীর ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এলজিইডি’র তত্ত্বাবধানে তিন কোটি ৬৪ লাখ ৭৪ হাজার ৩৮৫ টাকা ব্যয়ে ৩৫ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ব্রিজটি নির্মাণ করা হবে। প্রায় তিন বছর আগে এখানে পুরাতন ব্রিজটি ভেঙ্গে পড়ায় বড়াইগ্রাম পৌরসভাসহ তিনটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগ পোহা”িছলেন।
বৃহস্পতিবার দুপুরে বড়াইগ্রাম পৌরসভার চক বড়াইগ্রামে প্রধান অতিথি হিসাবে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ নাম ফলক উন্মোচনের মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন। ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে নাটোর স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসাইন, বড়াইগ্রাম থানার ওসি আব্দুস ছালাম, সাবেক পৌর মেয়র ইসাহাক আলী, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আশরাফ আলী, বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি ঈমান আলী, সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন টিপু ও পৌর ছাত্রদলের আহ্বায়ক মাসুম রেজা বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের আগস্টে পানির স্রোতে পাইলিংবিহীন ব্রিক ওয়াল পদ্ধতিতে নির্মিত ৩০ বছরের পুরনো ব্রিজটি ভেঙে পড়ে। এতে বড়াইগ্রাম পৌরসভাসহ আরও তিনটি ইউনিয়নের প্রায় ২০টি গ্রামের বাসিন্দাদের থানা সদরে যাতায়াতের একমাত্র পথটি বন্ধ হয়ে যায়। নতুনভাবে ব্রিজটি নির্মাণ কাজ শেষ হলে এলাকার লক্ষাধিক মানুষ দুর্ভোগ থেকে মুক্তি পাবে।
সেলাই মেশিন বিতরণ
গাইবান্ধা সংবাদদাতা : আত্মকর্মসংস্থান কর্মসূচি ও যৌতুক বিরোধী প্রকল্পের আওতায় আয়বর্ধক ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির প্রশিক্ষণার্থীদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গাইবান্ধার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কর্মীহাতের আয়োজনে এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা: সৈয়দ মইনুল হাসান সাদিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিধপ্তরের উপ-পরিচালক মো. ইমাম হাসিম ও গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন।
প্রকল্প বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও কর্মীরহাতের সহ-সভাপতি এটিএম ফরহাদ হোসেন বিজুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু, প্রতিষ্ঠাতা সদস্য মো. ফজলুর করিম, সহ-সভাপতি রকিবুল হক চৌধুরী, যুগ্ম সম্পাদক আলমগীর কবির বাদল, সদস্য জাহিদুল হক লিটন, প্রশিক্ষণার্থী লিজু আকতার ও সুরাইয়া আকতার সিনথিয়া।
আয়োজকরা জানান, আমেরিকা প্রবাসীদের সংগঠন ফোরাম ৮৬ এর সহযোগিতায় গত চার বছর ধরে এই সেলাই প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। বিবাহযোগ্য, স্বামী পরিত্যাক্তা নারীদের স্বামলম্বী করে গড়ে তুলতে তাদেরকে চারমাসব্যাপী এই প্রশিক্ষণ প্রদান করা হয়।
বছরে দুটি ব্যাচে ২০ জন করে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ সমাপ্ত করে। প্রশিক্ষণ শেষে তাদের প্রত্যেককে একটি করে সেলাই মেশিন, সনদপত্র ও মূলধন প্রদান করা হয়।
প্রধান অতিথি ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক বলেন, কর্মীর হাতের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত স্বাস্থ্যসেবা কার্যক্রম, ক্রীড়া কমপ্লেক্স প্রকল্প, বিনামূল্যে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরণ, বন্যা ত্রাণ ও পুনর্বাসন প্রকল্প নিয়ে কাজ করে আসছে।
তিনি যেসব মহাপ্রাণ ব্যক্তি এই সংগঠনটি গড়ে তুলেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, কর্মীরহাতকে আরও শক্তিশালী করে আগামীদিনে ওইসব কার্যক্রমের পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করতে হবে। তিনি কর্মীরহাতের কার্যক্রমে সর্বাত্মকভাবে সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, গত ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত গাইবান্ধার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কর্মীরহাত তাদের নানা সামাজিক কর্মকাণ্ড দিয়ে নিজেদের পরিচিতি জাতীয় পর্যায়ে তুলে ধরেন। গত ১২ বছর ধরে চিকিৎসাসেবা ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি যৌতুক বিরোধী কর্মসূচির আওতায় বিবাহযোগ্য নারীদের আয়বর্ধক ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়ে আসছে।