দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের খালিশা-শ্রী রায়েরচর বাজারের খালের ওপর নির্মিত ব্রীজটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ব্রীজটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় সাধারণ মানুষ ও পথচারীরা। জনগুরুত্বপূর্ণ এই ব্রীজটি দ্রুত সংস্কার বা নতুন করে নির্মাণের দাবি এখন তুঙ্গে। সম্প্রতি ছাত্রনেতা জাহিদ হাসান তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এই জরাজীর্ণ ব্রীজটির করুণ দশা তুলে ধরে দাউদকান্দি-মেঘনার গণমানুষের নেতাদের সুদৃষ্টি কামনা করেছেন। তিনি তার পোস্টে উল্লেখ করেন যে, ব্রিজটি বর্তমানে সাধারণ মানুষের চলাচলের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়েছে। জনস্বার্থে এবং জানমালের নিরাপত্তা রক্ষায় ব্রীজটি দ্রুত নতুন করে সংস্করণ বা নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ নিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানান। সরেজমিন গিয়ে জানা যায়, খালিশা-শ্রী রায়েরচর বাজারের এই ব্রীজটি অত্র অঞ্চলের যোগাযোগের অন্যতম মাধ্যম। প্রতিদিন শত শত মানুষ এবং ছোট-বড় যানবাহন এই ব্রীজের ওপর দিয়ে যাতায়াত করে। ব্রীজটির পলেস্তারা খসে পড়া এবং কাঠামো দুর্বল হয়ে যাওয়ায় এটি এখন নড়বড়ে অবস্থায় রয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, ব্রীজটি ভেঙে পড়লে বাজারের মালামাল পরিবহন বন্ধ হয়ে যাবে, যার ফলে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বেন তারা। এলাকাবাসীর দাবি, শুধুমাত্র বিকল্প পথের ব্যবস্থা করলেই সমস্যার সমাধান হবে না। তারা চান দ্রুততম সময়ের মধ্যে টেকসই একটি ব্রীজ নির্মাণ করা হোক, যাতে পদুয়া ইউনিয়নের সাধারণ মানুষের দীর্ঘদিনের যাতায়াত কষ্ট দূর হয়। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবে নাগাদ এই ‘মরণফাঁদ’ থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। এ বিষয়ে দাউদকান্দি উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, তিনি ব্রীজটির বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত হয়েছেন। তিনি বলেন, “আমি এই ব্রীজটির দুরবস্থার কথা শুনেছি। জননিরাপত্তার কথা চিন্তা করে আমরা অচিরেই এই ব্রীজের ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার ব্যবস্থা নেবো। পাশাপাশি, সাধারণ মানুষকে বিকল্প পথে চলাচলে অভ্যস্ত করতে প্রয়োজনীয় প্রচারণা ও নির্দেশনা প্রদান করা হবে।”প্রকৌশলী আরও ইঙ্গিত দেন যে, জনদুর্ভোগ কমাতে দ্রুততম সময়ের মধ্যে ব্রীজটি সংস্কার বা নতুন প্রকল্পের আওতায় আনার প্রাথমিক প্রক্রিয়া শুরু করা হবে।
গ্রাম-গঞ্জ-শহর
দাউদকান্দির ব্রিজটি এখন ‘মরণফাঁদ’
দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের খালিশা-শ্রী রায়েরচর বাজারের খালের ওপর নির্মিত ব্রীজটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
Printed Edition