চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের কালেঙ্গা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৯ জন বাংলাদেশী নাগরিককে পুশ ইন করেছে। এদের মধ্যে ৮ জন পুরুষ ও ১১ জন নারী রয়েছেন। সোমবার (২৬ মে) কালেঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গভীর রাতে কাঁটাতারের গেট খুলে বিএসএফ এই ১৯ জনকে বাংলাদেশে পুশ ইন করে। খবর পেয়ে ৫৫ বিজিবি সহকারী পরিচালক হাবিবুর রহমান চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম সেখানে উপস্থিত হন। পুশ ইন হওয়া ব্যক্তিরা বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলার বাসিন্দা। তারা জানান, প্রায় ২০ বছর আগে জীবিকার সন্ধানে ভারতের হরিয়ানায় ইটভাটায় শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। সম্প্রতি দিল্লী থেকে তাদের আটক করে বিমান ও ট্রেনে করে ত্রিপুরায় নিয়ে আসা হয়। পরে বিএসএফ মুখ বেঁধে জোরপূর্বক তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়। এই ঘটনায় স্থানীয় প্রশাসন ও বিজিবি কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে। এছাড়া, বিএসএফ-এর এই ধরনের পুশ ইন কার্যক্রম আন্তর্জাতিক নিয়মনীতি লঙ্ঘন করছে বলে বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। হবিগঞ্জ ৫৫ বিজিবির সহকারী পরিচালক হাবিবুর রহমান বলেন, ১৯ জনকে জিডি মূলে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হবে।
গ্রাম-গঞ্জ-শহর
চুনারুঘাটের কালেঙ্গা সীমান্তে ১৯ বাংলাদেশীকে পুশ-ইন
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের কালেঙ্গা সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৯ জন বাংলাদেশী নাগরিককে পুশ ইন করেছে।