বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীন ঢাকা বিভাগের উদ্যোগে সোমবার (২৭ জুলাই) দুপুর ২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক মুফাসসির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীন ঢাকা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল মান্নান আনসারীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওলামা বিভাগীয় কমিটির সভাপতি মাওলানা আবদুল হালিম, সেক্রেটারি ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুল হামিদ ও কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি অধ্যাপক মাওলানা নুরুল আমিন এমপি।
এছাড়াও সম্মেলনে বক্তব্য প্রদান করেন দেশের বরেণ্য মুফাসসিরে কেরাম ড. মাওলানা আব্দুস সামাদ, ড. মুফতি আবুল কালাম আজাদ বাশার, মাওলানা ফখরুদ্দিন, মুফতি মাওলানা আলী হাসান ওসামা, মাওলানা নাসির উদ্দিন হেলালি ও অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, "দেশে ইসলামকে বিজয়ী করার সবচেয়ে উপযুক্ত এই সময়ে সম্মানিত মুফাসসিরদের সর্বোচ্চ প্রজ্ঞার সাথে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে সম্মানিত দাঈদের অগ্রণী ভূমিকা পালন করে মহান রবের সন্তুষ্টি অর্জন করতে হবে।"
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম বলেন, "সম্মানিত ওলামাদের ছোটখাটো সব ধরনের মতানৈক্য ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।"
ড. খলিলুর রহমান মাদানী বলেন, "আল-কুরআনের সুমহান শিক্ষা দেশের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়াই হবে সম্মানিত মুফাসসিরদের প্রধান উদ্দেশ্য।"
সম্মেলনে সর্বসম্মতিক্রমে ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি এবং বিভাগের ১০টি জেলা ও মহানগরীর সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।