জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘জুলাই: রক্তঋণের উত্তরাধিকার’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, "রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ, গণতন্ত্র নিশ্চিত করা এবং স্বাধীন পররাষ্ট্রনীতি তৈরি করা জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম অঙ্গীকার ছিল। আমাদের তা বাস্তবায়নে কাজ করতে হবে। অনেকে বলেন জুলাইয়ের ইতিহাস মুছে যাচ্ছে; কিন্তু রক্তে লেখা ইতিহাস কখনো মুছে যায় না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই রক্তঋণের উত্তরাধিকার। আগামী প্রজন্ম পর্যন্ত আপনাদেরই এই উত্তরাধিকার বহন করতে হবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন। তিনি বলেন, "বিশ্ববিদ্যালয় সবসময় ক্ষমতার কাছে প্রশ্ন তুলবে এবং রাষ্ট্রকে জবাবদিহির জায়গায় নিয়ে যাবে। গণ-অভ্যুত্থানের ফলে আমরা যারা জনপ্রতিনিধি হয়েছি, আমরাও যদি জনগণের বিরুদ্ধে অবস্থান নিই, তবে ছাত্ররা আমাদেরও জবাবদিহির আওতায় আনবে— এটাই আমাদের প্রত্যাশা।"
আয়োজনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, "জুলাই আমার কাছে আবেগের নাম। আমরা সবাই জুলাইয়ের প্রোডাক্ট। আমরা আজকে এই জায়গায় আছি জুলাইয়ের কারণে। আমরা সকলে কেবল মুখে সততার কথা না বলে জুলাইয়ের চেতনা ধারণ করে কাজেও সততার প্রমাণ দেব।"
জাতীয় ছাত্রশক্তির জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আলোচনা শেষে আয়োজিত লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, জাতীয় নারীশক্তির সভাপতি মনিরা শারমিন এবং জাতীয় যুবশক্তির সভাপতি আইনজীবী তারিকুল ইসলাম। এছাড়া জাবি প্রেস ক্লাবের সভাপতি এস এম তাওহীদ এবং জাকসু নেতাসহ ক্যাম্পাসে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারাও অনুষ্ঠানে বক্তব্য দেন।