চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছা পৌরসভার সড়কগুলোর বেহাল অবস্থা যারফলে জনগণের দূর্ভোগ চরম আকার ধারণ করেছে। জানাযায় ২০০৪ সালে তৎকালীন চারদলীয় জোট সরকারের সময়ে চৌগাছা শহরকে পৌরসভায় উন্নিত করা হয়। নতুন হলেও খুব দ্রুত পৌরসভার সর্বত্র উন্নয়নের ছোঁয়া লাগে। কিন্তু অর্ন্তবর্তীকালিন সরকারের সময় থেকে পৌরসভার সকল উন্নয়ন কাজ প্রায় বন্ধ হয়ে যায়। এখন পর্যন্ত পৌরসভার কাজে কোন গতি আসেনি। চৌগাছা পৌরসভায় মূলত চারটি বড় এবং ব্যস্ত সড়ক রয়েছে। এগুলো হলো চৌগাছা কোটচাঁদপুর সড়ক,চৌগাছা মহেশপুর সড়ক, চৌগাছা শার্শা সড়ক এবং চৌগাছা ঝিকরগাছা সড়ক। এ সব সড়কের পৌরসভার বাইরের অংশটুকু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সংস্কার করলেও পৌরসভার অংশটুকু চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলছে যানবাহন আর প্রতিদিন ঘটছে নানা দুর্ঘটনা। পৌরবাসী সড়ক সংস্কারের দাবী নিয়ে পৌরকতৃপক্ষের নিকট বার বার ধর্ণা দিয়েও কোন প্রতিকার পাইনি। এ চারটি সড়ক ছাড়াও পল্লী বিদ্যুৎ অফিস সড়ক, বেড়বাড়ি পাঁচনামনা সড়ক, বাকপাড়া সড়ক,বিশ্বাসপাড়া সড়ক,কারিগর পাড়া সড়কসহ পৌর এলাকার প্রায় ৯০ শতাংশ সড়কের শতঅবস্থা খুবই নাজুক। এব্যাপারে জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম বলেন, পৌরসভার রাস্তাগুলো নিয়ে আমরা খুবই বিব্রতকর অবস্থায় পড়েছি। কি কারণে এসব রাস্তা সংস্কার করা হচ্ছে না তা বোধগম্য নয়। তিনি আরো বলেন আমার বাসায় যাওয়ার রাস্তাটাও একেবারে ভেঙেচুরে গেছে। উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ বলেন, পৌরসভার সড়কগুলো চলাচলের একেবারে অযোগ্য হয়ে গেছে। আমাদের দাবি অতি দ্রুত সড়কগুলো মেরামত করা হোক। সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার বলেন, চৌগাছা পৌরসভার সড়কগুলো কোন সময়ই এত খারাপ ছিল বর্তমানে পৌরবাসী চলাচলে চরম সমস্যার মধ্যে আছে। রাস্তাগুলো দ্রুততম সময়ের মধ্যে সংস্কার হওয়া দরকার। সাবেক প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ বলেন, চৌগাছা পৌরসভা এখন অভিভাবকহীন যেকারণে রাস্তাঘাটসহ কোন সেক্টরই ঠিকঠাকমতো চলছে না। তিনি অতিদ্রুত সড়কগুলো সংস্কারের দাবী জানান। এব্যাপরে জানতে চাইলে চৌগাছা পৌরসভার প্রকৌশলী রুহুল আমিন জানান, পৌর প্রশাসক মহোদয় দীর্ঘদিন যাবৎ ছুটিতে থাকায় আমরা কোন কাজই করতে পারছিনা। উনি যোগদান করলে দ্রুততম সোময়ের মধ্যে রাস্তাগুলো সংস্কারের পদক্ষেপ নেওয়া হবে।
গ্রাম-গঞ্জ-শহর
চৌগাছা পৌরসভার সড়কগুলোর বেহাল দশা
যশোরের চৌগাছা পৌরসভার সড়কগুলোর বেহাল অবস্থা যারফলে জনগণের দূর্ভোগ চরম আকার ধারণ করেছে।
Printed Edition