হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ১০ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলো আরহাদ হোসেন আহাদ (২৮), জানে আলম (৩৫), পারভেজ হোসেন (২৪), দিদারুল আলম (৩৫), শফিউল আলম (৫৫), ফারহান মাসুদ (২৩), জাহেদুল আলম জাহেদ (২৩), রাকাত হান শুভ (২০), আবদুল্লাহ তুষার (২২) ও আশরাফুল ইসলাম তামিম (২০)।

থানা সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠনের কিছু নেতা-কর্মী এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে কয়েকটি স্থানে মিছিল বের করেন। বিষয়টি নজরে এলে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।

হাটহাজারী থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।