ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা : শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, আল আমিনের হস্তক্ষেপে ৩০ একর জমির জলাবদ্ধতার অবসানে কৃষকদের মাঝে ফিরে এসেছে স্বস্তির নিঃশ্বাস। গত শুক্রবার (১ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার কাংশা ইউনিয়নের নাচনমোহুরি এলাকায় এ অভিযান পরিচালনা করেন। উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, নাচনমোহুরি এলাকার উপর দিয়ে পানি প্রবাহের একটি খালে মো,নহল মিয়া নামে জনৈক প্রভাবশালী ব্যক্তি দীর্ঘ প্রায় ১০ বছর পুর্বে বাঁধ নির্মান করে। ওই খালের পানি বন্ধ করে দিয়ে সেখান থেকে তিনি মাছ ধরার কাজে ব্যবহার করে আসছিলো। এতে প্রতিবছর বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে আশপাশের কৃষকদের প্রায় ৩০ একর জমির ধান ক্ষতিগ্রস্ত হত। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা বিভিন্ন সময় স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোন কাজ হয়নি।
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
নাঙ্গলকোট (কুমিল্লা): কুমিল্লার নাঙ্গলকোটের বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা রবিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ বশিরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় প্রধান শিক্ষক জসিম উদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠান শুরুতে বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিবৃন্দ-কে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
মাদকবিরোধী অভিযান
তালা (সাতক্ষীরার) : সাতক্ষীরার তালা উপজেলায় ইয়াবাসহ এক যুবককে হাতেনাতে আটক করেছে তালা থানা পুলিশ। রবিবার (৩ মে) সন্ধ্যা ৭টার দিকে আটারই প্রাইমারি স্কুলের সামনে সাগরের সেলুন দোকানের ভেতর থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবকের নাম বাবু সরদার (২৩)। তিনি উপজেলার আটারই এলাকার বাসিন্দা এবং তার পিতা আহমাদ সরদার। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানান, ওই মোড়ে প্রায়ই মাদকদ্রব্য কেনাবেচা হয়ে থাকে। যারা এ ঘটনার সাথে জড়িত অন্যান্যদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। আসামীকে গ্রেফতারের পর তালা থানার এসআই শাহীন জনগণের উদ্দেশ্যে বলেন, “মাদকের সাথে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আপনারা অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে।