আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা : বরিশালের আগৈলঝাড়া উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত এক অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১২টি প্রতিষ্ঠানকে মোট ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার উপজেলার আস্কর ও বারপাইকা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বরিশাল বিভাগের উপপরিচালক জনাব অপূর্ব অধিকারী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও ইন্দ্রানি দাস।
অভিযানে মূল্য তালিকা না থাকা, অতিরিক্ত মূল্য আদায়, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণসহ বিভিন্ন অভিযোগে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন সুকলাল সিকদার এবং প্রশাসনিক দায়িত্ব পালন করেন এপিবিএন, বরিশাল। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং বাজারে ন্যায্যমূল্য ও পণ্যের মান নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।